৮ বিভাগে মডেল খাল কর্মসূচি আনছে সরকার
দেশের আট বিভাগে ২০টি সরকারি খালকে পরীক্ষামূলকভাবে ‘মডেল খাল’ হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার। খাল পুনঃখননের পাশাপাশি মাছ ও হাঁস চাষ, খালপাড়ে সামাজিক বনায়ন, মৌসুমি সবজি উৎপাদন এবং দরিদ্র মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরির পরিকল্পনা রয়েছে। এই কর্মসূচির আওতায় প্রাথমিকভাবে প্রায় ২ হাজার ৪০০ অতিদরিদ্র পরিবারকে যুক্ত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ধারণাপত্র অনুযায়ী, আগামী ১৯ নভেম্বর লালমনিরহাটে প্রধানমন্ত্রী তারেক রহমানের কর্মসূচিটি উদ্বোধন করার কথা রয়েছে।
‘শুধু খাল খনন নয়, খননকৃত খালের বহুমুখী ব্যবহার’ ধারণাকে সামনে রেখে কর্মসূচিটি নেওয়া হয়েছে। এর লক্ষ্য পানি নিষ্কাশনব্যবস্থা সচল রাখা, পরিবেশ সংরক্ষণ এবং সরকারি জলসম্পদকে দীর্ঘমেয়াদি উৎপাদনশীল সম্পদে পরিণত করা।
পরিকল্পনা অনুযায়ী, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও খুলনা বিভাগে তিনটি করে এবং রংপুর, সিলেট, বরিশাল ও ময়মনসিংহ বিভাগে দুটি করে খাল নির্বাচন করা হবে। প্রতিটি খালের গড় দৈর্ঘ্য ৩ কিলোমিটার ধরে মোট প্রায় ৬০ কিলোমিটার খাল এই কর্মসূচির আওতায় আনার প্রস্তাব রয়েছে।
খালের উপযোগী অংশে মাছ ও হাঁস চাষ, দুই পাড়ে জলসহিষ্ণু ও ফলজ গাছ লাগানো এবং পাড়ের ঢালু অংশে মাচা পদ্ধতিতে মৌসুমি সবজি চাষের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি পানি সংগ্রহ, জনসাধারণের ব্যবহার ও নৌচলাচলের সুযোগও বিবেচনায় রাখা হবে।
মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী, অতিদরিদ্র পরিবারগুলোকে সমবায়ভিত্তিক ব্যবস্থাপনায় যুক্ত করা হবে। এতে অন্তত ৫০ শতাংশ নারী সদস্যের অংশগ্রহণ নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে। প্রাথমিক বিনিয়োগের জন্য সর্বোচ্চ ১০ কোটি টাকার ঘূর্ণায়মান তহবিলের প্রস্তাব করা হয়েছে।
কর্মসূচিটি ১২ মাস পরীক্ষামূলকভাবে পরিচালনার পর স্বাধীন মূল্যায়নের ভিত্তিতে দেশব্যাপী সম্প্রসারণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার পরিকল্পনা রয়েছে।
/শান্ত/
