টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে সেরা দশে ২ বাংলাদেশি বোলার
আইসিসির টি-টোয়েন্টি বোলিং র্যাঙ্কিংয়ে বড় ধরনের উন্নতি হয়েছে বাংলাদেশি বোলারদের। সর্বশেষ হালনাগাদে সেরা দশের ভেতরে জায়গা করে নিয়েছেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ ও অলরাউন্ডিং স্পিনার শেখ মেহেদি হাসান। এশিয়ান গেমসে বাংলাদেশ দলের পারফরম্যান্স আশানুরূপ না হলেও ব্যক্তিগত অর্জনে র্যাঙ্কিংয়ে এগিয়েছেন ক্রিকেটাররা। তিন ধাপ এগিয়ে সরাসরি অষ্টম স্থানে উঠে এসেছেন নাসুম আহমেদ, যা তাঁর আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের সর্বোচ্চ অবস্থান। এর আগে তাঁর সেরা র্যাঙ্কিং ছিলো দশম। আসরে পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনালে এক উইকেট নেওয়ার পর ব্রোঞ্জ নির্ধারণী ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষেও নিয়ন্ত্রিত বোলিং করেন তিনি। দুই ওভারে খরচ করেন মাত্র ৮ রান। এদিকে দশ ধাপ এগিয়ে নবম স্থানে শেখ মেহেদি হাসান। এশিয়ান গেমসে পাকিস্তানের সঙ্গে সেমিফাইনালে একটি উইকেটের পর শ্রীলঙ্কার বিপক্ষে ৪ ওভারে ১৯ রান খরচ করে দু'টি উইকেট শিকার করেন তিনি। এছাড়া র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে লেগ স্পিনার রিশাদ হোসেনের। দুই ম্যাচে একটি করে উইকেট নিয়ে দুই ধাপ এগিয়ে ২৬ নম্বরে জায়গা পেয়েছেন তিনি। ব্যাটারদের মধ্যে কেবল তাওহিদ হৃদয়ের উন্নতি ঘটেছে। পাকিস্তানের বিপক্ষে ৪২ এবং শ্রীলঙ্কার বিপক্ষে ১১ রান করে তিন ধাপ এগিয়ে ৩০ নম্বরে উঠেছেন তিনি। তবে ৪ ধাপ পিছিয়ে তানজিদ হাসান নেমে গেছেন যৌথভাবে ২১ নম্বরে। বোলারদের তালিকায় শীর্ষস্থান হারিয়েছেন আবরার আহমেদ, তাঁকে পেছনে ফেলে শীর্ষে জায়গা করে নিয়েছেন আফগানিস্তানের রশিদ খান। ব্যাটারদের তালিকায় আগের মতো শীর্ষে রয়েছেন ইশান কিষাণ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচে ৪৩ বলের মোকাবেলায় অপরাজিত ১০২ রানের নান্দনিক ইনিংস খেলে ক্যারিয়ার সেরা অবস্থানে পৌঁছেছেন শ্রেয়াস আইয়ার। //আইই//
