আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচের আগে আবেগপ্রবণ মেসি
সংগৃহীত ছবি
আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে নিজের শেষ আন্তর্জাতিক ম্যাচে মাঠে নামার আগে আবেগঘন বার্তা দিয়েছেন লিওনেল মেসি। বেনিনের বিপক্ষে বিদায়ী ম্যাচের ২৪ ঘণ্টারও কম সময় আগে নিজের শেষ অনুশীলন সম্পন্ন করেছেন আর্জেন্টাইন মহাতারকা। বুধবার মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে ম্যাচটি দিয়েই জাতীয় দলের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টানবেন তিনি।
বিদায়ের এই আবেগঘন দিনে আর্জেন্টিনা দলের সদস্য হিসেবে নিজের শেষ অনুশীলন পর্বটি শেষ করেছেন মেসি। অনুশীলন শেষ হওয়ার কিছুক্ষণ পর নিজের নামে নামকরণ করা এজেইজা ট্রেনিং কমপ্লেক্স থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে সতীর্থদের সঙ্গে কয়েকটি ছবি পোস্ট করেন তিনি।
ইনস্টাগ্রামে শেয়ার করা ছবিতে সতীর্থদের সঙ্গে হাস্যোজ্জ্বল অবস্থায় দেখা গেছে মেসিকে। একটি ছবিতে দলের সব খেলোয়াড়, কোচিং স্টাফের সদস্য, মাঠের কর্মী এবং আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) কর্মকর্তাদের সঙ্গেও পোজ দিতে দেখা গেছে তাঁকে। সেখানে উপস্থিত ছিলেন এএফএ সভাপতি ক্লদিও তাপিয়াও। ছবিগুলোর সঙ্গে ছিলো একটি হৃদয়ছোঁয়া বার্তা। মেসি লিখেছেন, "বিশেষ কিছু মুহূর্ত, যেগুলো আমি জানি খুব মিস করবো।"
মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে এই ম্যাচটি ঘিরে দর্শকদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। ম্যাচটি দেখতে স্টেডিয়াম কানায় কানায় পূর্ণ থাকবে বলে আশা করা হচ্ছে। কোনো অপ্রত্যাশিত ঘটনা না ঘটলে মেসি এই ম্যাচে পুরো ৯০ মিনিটই খেলবেন বলে ধারণা করা হচ্ছে। ম্যাচটিকে স্মরণীয় করে রাখতে স্টেডিয়ামে থাকবে বিশেষ আয়োজন ও অতিথি শিল্পীদের পরিবেশনা। এছাড়া কাতার বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের মেসির প্রায় সব সতীর্থই এই বিশেষ আয়োজনে উপস্থিত থাকবেন।
//আইই//
