নোয়াখালীতে নতুন গ্যাসকূপে মিলেছে গ্যাসের সন্ধান
নোয়াখালীর সেনবাগে ‘সুন্দলপুর-৪ মূল্যায়ন কাম উন্নয়ন কূপ’ খনন শেষে গ্যাসের সন্ধান মিলেছে। এখন কূপটিতে ড্রিল স্টেম টেস্ট (ডিএসটি) চলছে। পরীক্ষা শেষ হলে মজুত গ্যাসের পরিমাণ নিশ্চিত হওয়া যাবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কূপটি থেকে প্রতিদিন প্রায় ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে।
মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স) কূপটিতে গ্যাসের উপস্থিতি নিশ্চিত করে। গত ২৮ জুলাই কূপটির খননকাজ শুরু হয়েছিলো।
বাপেক্স সূত্র জানায়, ডিরেকশনাল ওয়েল পদ্ধতিতে এমডব্লিউডি প্রযুক্তি ব্যবহার করে কূপটি ১৫৭৮ মিটার পর্যন্ত খনন করা হয়েছে। এরমধ্যে ১৪২০ থেকে ১৪৬০ মিটার গভীরতার স্তরে গ্যাসের অস্তিত্ব পাওয়া গেছে।
সুন্দলপুর-৪ কূপ খনন প্রকল্পের পরিচালক মোজাম্মেল হক জানান, আরও দুই থেকে তিন দিন ডিএসটি পরীক্ষা চলবে। এরপর কূপটির মোট মজুত গ্যাসের পরিমাণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
/শান্ত/
