মেসির বিদায়ের প্রস্তুতিতে যখন উৎসব, রোনালদোকে ঘিরে তখন পর্তুগালে দ্বন্দ্ব
সংগৃহীত ছবি
আন্তর্জাতিক ফুটবলের শেষ অধ্যায়ে এসে দুই কিংবদন্তি লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর বিদায়ের গল্প দুই ভিন্ন দিকে মোড় নিয়েছে। আর্জেন্টিনার জার্সি গায়ে শেষবারের মতো মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন মেসি, যা ঘিরে দেশটিতে উৎসবের আমেজ তৈরি হয়েছে। অন্যদিকে, ৪১ বছর বয়সী পর্তুগিজ তারকা রোনালদোকে ঘিরে পর্তুগাল শিবিরে দ্বন্দ্ব এখন তুঙ্গে উঠেছে।
নেশনস লিগে নরওয়ের বিপক্ষে জয়ের ম্যাচে বেঞ্চে ছিলেন রোনালদো। এরপর ডেনমার্কের বিপক্ষে ম্যাচেও শুরুর একাদশে তাঁকে রাখা হবে না জানতে পেরে জাতীয় দলের ক্যাম্প ছেড়ে যান তিনি। নিজের এই সিদ্ধান্তের কারণ "সময় হলে" জানাবেন বলে উল্লেখ করেছেন রোনালদো।
আন্তর্জাতিক ফুটবল থেকে এখনো অবসরের ঘোষণা দেননি তিনি। পর্তুগালের কোচ হোর্হে জেসুস জানিয়েছেন, রোনালদোর জন্য "জাতীয় দলে ফেরার দরজা খোলা" রয়েছে। কোচ জেসুস স্পষ্ট করে বলেন, রোনালদোর অতীত অর্জন একাদশে জায়গা পাওয়ার নিশ্চয়তা হতে পারে না। ম্যাচের পরিস্থিতি অনুযায়ী তাঁকে খেলানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিলো।
মেসি ও রোনালদোর এই ভিন্ন পরিস্থিতির পেছনে মূল কারণ দল দু'টির ভিন্ন দৃষ্টিভঙ্গি। আর্জেন্টিনা তাঁদের মহাতারকার ভূমিকা নতুন করে সাজিয়েছে। কোচ লিওনেল স্কালোনি মেসির দায়িত্ব ও খেলার ধরনে এমনভাবে পরিবর্তন এনেছেন, যাতে তাঁর সেরাটা বের করে আনা যায়। সতীর্থরাও দায়িত্ব ভাগ করে নিতে পারেন। এর ফলে ২০২১ ও ২০২৪ সালের কোপা আমেরিকা এবং ২০২২ সালের বিশ্বকাপ জয় করতে পেরেছিলো আর্জেন্টিনা।
বিপরীতে, রোনালদোকে ঘিরে পর্তুগালের পরিকল্পনা সাম্প্রতিক বছরগুলোতে ততোটা স্থিতিশীল ছিলো না। ফার্নান্দো সান্তোস থেকে রবার্তো মার্তিনেজ পর্যন্ত কোচেরা দীর্ঘ সময় তাঁর ওপর নির্ভর করলেও, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মাঠে তাঁর কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে। আর্জেন্টিনা যেখানে মেসিকে পাশে রেখে নিজেদের বদলে নিতে পেরেছে, পর্তুগাল এখনো রোনালদোকে ঘিরে গড়ে ওঠা পুরোনো কাঠামো থেকে বের হওয়ার পথ খুঁজছে।
//আইই//
