চারদিকে মৌলবাদের ষড়যন্ত্র: সংস্কৃতি প্রতিমন্ত্রী
চারদিকে মৌলবাদের ষড়যন্ত্র দেখছেন বলে মন্তব্য করেছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। এসব ষড়যন্ত্র মোকাবিলায় সাংস্কৃতিক মাধ্যমগুলোকে কাজে লাগানোর ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।
শুক্রবার (৯ অক্টোবর) সকালে রাজবাড়ীতে ২ দিনব্যাপী বাংলা উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, এক পৃষ্ঠা বাংলা শুদ্ধ ভাষায় লিখতে বললে অনেকেই তা পারবেন না। রশ্মিকার, দীর্ঘিকার, র-ফলা ও য-ফলার মতো বিভিন্ন জটিলতার কারণে বাংলা ভাষা সহজভাবে অনুশীলন করা কঠিন হয়ে পড়েছে। এই কারণে বাংলা ভাষার আধুনিকায়ন নিয়ে ভাষা বিশেষজ্ঞরা আলোচনা করছেন।
এর আগে রাজবাড়ী একাডেমির আয়োজনে রাজবাড়ী সরকারি উচ্চবিদ্যালয় থেকে একটি র্যালি বের হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে র্যালিটি একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে রাজবাড়ী একাডেমির সভাপতি সৈয়দ সিদ্দিকুর রহমান বলেন, দশম বাংলা উৎসবের মূল উদ্দেশ্য শিক্ষার্থীদের মধ্যে বাংলা ভাষার প্রতি ভালোবাসা তৈরি করা। অনেক আত্মত্যাগের মধ্য দিয়ে পাওয়া এই ভাষার মূল্য শিক্ষার্থীদের উপলব্ধি করাতে চান তাঁরা।
তিনি জানান, ২ দিনব্যাপী এই উৎসবে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ১২০০ শিক্ষার্থী অংশ নিচ্ছে। আয়োজনের মধ্যে রয়েছে ভাষা প্রতিযোগিতা, বানান শুদ্ধকরণ, বিপরীত শব্দ লেখা, চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি।
/শান্ত/
