উড্ডয়নের পর চাকা বিচ্ছিন্ন, ঢাকায় বিমানের জরুরি অবতরণ
কক্সবাজার থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের চাকা উড্ডয়নের পর বিচ্ছিন্ন হয়ে যায়। পরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে উড়োজাহাজটি। এই ঘটনায় কোনো যাত্রী বা ক্রু আহত হননি। জরুরি অবতরণের প্রস্তুতির কারণে প্রায় আধা ঘণ্টা বিমানবন্দরের রানওয়ে বন্ধ রাখা হয়।
বিমানবন্দর ও এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) সূত্র জানায়, ফ্লাইট বিজি-৪৩৬ শনিবার কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করে। উড্ডয়নের পরপরই উড়োজাহাজটির একটি চাকা বিচ্ছিন্ন হওয়ার তথ্য পেয়ে ঢাকার টাওয়ারে জরুরি বার্তা পাঠান পাইলট।
পরিস্থিতি সামাল দিতে উড়োজাহাজটির জ্বালানি কমিয়ে ওজন হ্রাসের জন্য পাইলটকে আকাশে চক্কর দিতে হয়। ফ্লাইট ট্র্যাকিং তথ্য অনুযায়ী, এ সময় উড়োজাহাজটি টাঙ্গাইলের নাগরপুর ও দেলদুয়ার এলাকার আকাশে কয়েকবার চক্কর দেয়। তখন এটি প্রায় ৬ হাজার ১০০ ফুট উচ্চতায় ঘণ্টায় ১৮৮ নট গতিতে উড়ছিলো।
এদিকে জরুরি অবতরণের প্রস্তুতি হিসেবে বিমানবন্দরের রানওয়েতে সাময়িকভাবে সব ধরনের উড়োজাহাজের ওঠানামা বন্ধ রাখা হয়। ঢাকা টাওয়ারের তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় বিকেল ৩টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত রানওয়ে বন্ধ ছিলো।
এই সময় রানওয়েতে ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স ও অন্যান্য জরুরি সেবার দল প্রস্তুত রাখা হয়। পরে পাইলট উড়োজাহাজটি নিরাপদে অবতরণ করান। বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রী ও ক্রুদের সবাই নিরাপদ রয়েছেন।
/শান্ত/
