‘স্থানীয় নির্বাচন নিয়ে কলঙ্ক নিতে চায় না সরকার’
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকার বিন্দুমাত্র কোনো কলঙ্ক নিতে চায় না। নির্বাচন যেন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়, সে জন্য নির্বাচন কমিশনকে সব ধরনের সহযোগিতা করা হবে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
মীর শাহে আলম জানান, চলতি অর্থবছরের মধ্যে ৫টি স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করার সিদ্ধান্তে সরকার এখনও অনড় রয়েছে। এই লক্ষ্যে নির্বাচন কমিশনকে জুনের মধ্যে সব নির্বাচন আয়োজনের অনুরোধ জানানো হয়েছে। নির্বাচনের জন্য আরও তারিখ নির্ধারণের সুযোগ থাকলে তা কাজে লাগিয়ে নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন সম্পন্ন করার আহ্বান জানিয়েছে সরকার।
তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের জন্য প্রায় ৬ হাজার কোটি টাকা বাজেট রাখা হয়েছে। চলতি অর্থবছরের মধ্যে নির্বাচনগুলো সম্পন্ন করা সম্ভব না হলে বরাদ্দের অর্থ অব্যবহৃত থেকে যাবে এবং পরবর্তী অর্থবছরে চলে যাবে। তবে জুনের মধ্যে সব নির্বাচন আয়োজন করা সম্ভব হবে কি না, সে বিষয়ে নির্বাচন কমিশনই চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারবে।
গ্রাম পুলিশের আইনগত ক্ষমতা, বেতন ও সুযোগ-সুবিধা বাড়ানোর বিষয়ে প্রস্তাবনা চাওয়া হয়েছে জানিয়ে মীর শাহে আলম বলেন, আগামী ৭ নভেম্বর বেলা সাড়ে ১১টায় চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের পাশে পুরোনো বাণিজ্য মেলার মাঠে গ্রাম পুলিশ মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সমাবেশে সারা দেশ থেকে প্রায় ৫০ হাজার গ্রাম পুলিশ সদস্যের অংশ নেওয়ার কথা রয়েছে।
/আকরাম/
