সৌদি আরবের দুই রুটে ১৭ অক্টোবর পর্যন্ত বিমানের সব ফ্লাইট স্থগিত
সৌদি আরবের রিয়াদ ও দাম্মামগামী সব ফ্লাইট আগামী ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। দেশটির বিভিন্ন বিমানবন্দরে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথিদের হামলার প্রেক্ষাপটে যাত্রীদের নিরাপত্তা বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরবে চলমান বিমানবন্দর হামলার পরিস্থিতি বিবেচনায় যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা থেকে রিয়াদ ও দাম্মামগামী ফ্লাইট চলাচল বন্ধ রাখা হবে। বাংলাদেশ সময় ও তারিখ অনুযায়ী আগামী ১৭ অক্টোবর পর্যন্ত এ স্থগিতাদেশ কার্যকর থাকবে।
স্থগিত ফ্লাইটগুলোর বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত এবং নতুন যাত্রাসূচি যথাসময়ে জানানো হবে বলে জানিয়েছে বিমান কর্তৃপক্ষ।
জরুরি প্রয়োজনে সৌদি আরবে যাতায়াত কিংবা সেখান থেকে বাংলাদেশে ফেরার ক্ষেত্রে যাত্রীরা জেদ্দা ও মদিনা আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহারের সুযোগ পাবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
//আইই//
