ঢাকায় লোডশেডিংয়ের যে কারণ জানালেন তথ্য উপদেষ্টা
লোডশেডিং খুব স্বল্প সময়ের মধ্যে বেশ কমে আসবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ের সময় তিনি এই আশা প্রকাশ করেন।
তথ্য উপদেষ্টা বলেন, মজুদে সমস্যা নেই। এই মুহূর্তে সব মজুত গত বছরের সমান। বিতরণ পর্যায়ে কোনো একটা জায়গায় সমস্যা হয়েছিলো। আশা করছি, ঠিক হয়ে যাবে। তিনি আরও বলেন, ঢাকাবাসী সম্প্রতি এমন লোডশেডিং দেখছেন, যা আগে তুলনামূলকভাবে কম ছিলো। অতীতে ঢাকায় বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করে গ্রামাঞ্চলে বেশি লোডশেডিং দেওয়া হতো। বর্তমান সরকার সংকটের বোঝা সবাইকে ভাগ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
জাহেদ উর রহমান বলেন, একটি বড় শহরে বিদ্যুৎ বেশি দিতে হবে, এই জন্য না যে, এখানে পাওয়ারফুল মানুষ থাকে। এটা এই জন্য যে, বড় শহরগুলোতে অর্থনৈতিক কর্মকাণ্ড বেশি থাকে। সেই কারণে নীতিগতভাবে একটা প্রবণতা আছে। এই সিদ্ধান্ত সরকার নিয়েছে, লোডশেডিংটা সবাই ভাগ করে নেবে। তাই ঢাকায় এখন লোডশেডিং দেখছি আমরা।
এই উপদেষ্টা বলেন, অতীতে আওয়ামী লীগ সরকার ও অন্তর্বর্তী সরকারের সময় আনইন্টারাপ্টেড বিদ্যুৎ সরবরাহের যে দাবি করা হয়েছিলো, বাস্তবে তখন কতোটা লোডশেডিং হয়েছিলো, তার তথ্যও প্রকাশ করা হবে। ওই সময়ও কী পরিমাণ লোডশেডিং আসলে ছিলো, কতো মেগাওয়াটের লোডশেডিং হয়েছে, এই ডেটাগুলো নিয়ে কাজ করছি।
জাহেদ উর রহমান বলেন, ওই সময় লোডশেডিংয়ের বড় অংশ গ্রাম ও প্রত্যন্ত অঞ্চলের ওপর চাপিয়ে দেওয়া হয়েছিলো। সেই জায়গা থেকে আমরা সরে এসেছি। আমরা আশা করি, জনগণ এটা বুঝবে।
/ইমরান/
