স্বাস্থ্যখাতের উন্নয়নে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র
বাংলাদেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়কে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম ও উপকরণ দিচ্ছে যুক্তরাষ্ট্র। সোমবার (৩১ আগস্ট) ঢাকায় মার্কিন দূতাবাসের মুখপাত্র পূর্ণিমা রাই এক বিবৃতিতে এই তথ্য জানান।
বিবৃতিতে বলা হয়েছে, পঞ্চগড় জেলা হাসপাতালে সিভিল সার্জন ডা. মো. মিজানুর রহমানের কাছে মাতৃ ও নবজাতকের স্বাস্থ্যসেবাবিষয়ক প্রশিক্ষণ মডেল হস্তান্তর করেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।
যুক্তরাষ্ট্রের সহায়তার মধ্যে রয়েছে নবজাতকের শরীর উষ্ণ রাখার সরঞ্জাম, শ্বাসপ্রশ্বাসে সহায়তাকারী সরঞ্জাম, গুরুতর অপুষ্টিতে আক্রান্ত শিশুদের জন্য থেরাপিউটিক ফুড ও টিকার কার্যকারিতা বজায় রাখার উপকরণ। যুক্তরাষ্ট্রের অর্থায়নে এফএইচআই ৩৬০, জেপিগো, জেএসআই ও ইউনিসেফের মাধ্যমে এসব সরঞ্জাম ও উপকরণ দুর্গম এলাকাসহ দেশজুড়ে হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছে দেওয়া হচ্ছে।
এতে আরও বলা হয়, এই সহায়তা বাস্তবভিত্তিক অংশীদারিত্বের মাধ্যমে স্বাস্থ্যব্যবস্থা সুদৃঢ় করা ও যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য খাতের উদ্ভাবনকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে ‘আমেরিকা ফার্স্ট গ্লোবাল হেলথ স্ট্র্যাটেজি’ বাস্তবায়নে সহায়ক ভূমিকা রাখছে।
