‘সিল ছাড়া মাংস বিক্রি হলে দোকানের বিরুদ্ধে ব্যবস্থা’
সংগৃহীত ছবি
রাজধানীতে সিলবিহীন এবং অবৈধ উপায়ে জবাই করা পশুর মাংস বিক্রি বন্ধে কঠোর অবস্থান নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। বাজারে বিক্রির জন্য রাখা মাংসের গায়ে সিটি করপোরেশনের নির্ধারিত পরীক্ষার সিল থাকা বাধ্যতামূলক। ব্যত্যয় ঘটলে মাংস জব্দ করার পাশাপাশি সংশ্লিষ্ট বিক্রেতা ও দোকানের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সোমবার (৩১ আগস্ট) রাজধানীর হাজারীবাগে একটি আধুনিক পশু জবাইখানার আনুষ্ঠানিক উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম এই সতর্কবার্তা দেন। তিনি ক্রেতাদের সচেতনতার ওপর জোর দিয়ে বলেন, "মাংস সঠিকভাবে পরীক্ষিত কি না তা নিশ্চিত ঢাকা সিটি করপোরেশনের স্বাস্থ্য কর্মকর্তার পরীক্ষার সিল থাকতে হবে। সাধারণ মানুষ মূলত এই সিল দেখেই আশ্বস্ত হতে পারবেন, মাংস স্বাস্থ্যসম্মত ও জীবাণুমুক্ত কি না।"
অননুমোদিত বা নির্ধারিত জবাইখানার বাইরে যেখানে-সেখানে পশু জবাই করার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে প্রশাসক জানান, এই নিয়ম অমান্য করে কেউ অননুমোদিত স্থানে পশু জবাই করলে তাঁকে জরিমানার দিতে হবে। এ ছাড়া কোনো দোকানে অবৈধভাবে জবাই করা মাংস বিক্রি করা হলে সেই দোকানটি সরাসরি বন্ধ করে দেওয়া হবে। নির্দিষ্ট জবাইখানার বাইরে থেকে মাংস আনা হলে পশুর স্বাস্থ্যগত অবস্থা কেমন ছিলো, সেটি সুস্থ নাকি কোনো রোগে আক্রান্ত ছিলো, তা জানার কোনো সুযোগ থাকে না। এমনকি গরুর মাংস বলে মহিষের মাংস বিক্রি করার মতো জালিয়াতিও এর ফলে সনাক্ত করা সম্ভব হয় না, যা নির্ধারিত জবাইখানায় পশু জবাইয়ের মাধ্যমে নিশ্চিত করা সম্ভব।
