করপোরেট চাকরির প্রস্তুতি নেবেন যেভাবে
এক সময় চাকরি বলতে সরকারি চাকরিকেই সবচেয়ে নিরাপদ ও আকর্ষণীয় মনে করা হতো। সময়ের সঙ্গে সেই ধারণা বদলেছে। ভালো বেতন, নানা সুযোগ-সুবিধা ও দ্রুত ক্যারিয়ার গড়ার সুযোগ থাকায় তরুণদের কাছে করপোরেট চাকরিও এখন বেশ জনপ্রিয়। তবে শুধু ভালো সিভি থাকলেই এ সেক্টরে টিকে থাকা যায় না; প্রয়োজন নানা ধরনের দক্ষতা।
কাজ সম্পর্কে স্পষ্ট ধারণা
কোন ধরনের কাজ করতে চান এবং কোন কাজে আপনার দক্ষতা বেশি—শুরুতেই তা পরিষ্কার থাকা জরুরি। নিজের পছন্দ ও সক্ষমতা বুঝে ক্যারিয়ার পরিকল্পনা করলে সঠিক জায়গা বেছে নেওয়া সহজ হয়।
হাতে-কলমে শেখার অভ্যাস
শুধু শুনে বা পড়ে নয়, বাস্তবে কাজ করতে করতেই শেখার সুযোগ বেশি। নতুন কোনো দক্ষতা অর্জনের ক্ষেত্রে নিয়মিত অনুশীলন ও বাস্তব অভিজ্ঞতা তাই গুরুত্বপূর্ণ।
যোগাযোগ ও নেটওয়ার্কিং
করপোরেট দুনিয়ায় ভালো যোগাযোগ বড় সম্পদ। বিভিন্ন বিভাগের সহকর্মী ও পেশাজীবীদের সঙ্গে সুসম্পর্ক তৈরি করলে কাজ শেখার পাশাপাশি নতুন চাকরি বা ক্যারিয়ারের সুযোগও তৈরি হতে পারে।
মানুষকে বোঝার দক্ষতা
কর্মক্ষেত্রে নানা ধরনের মানুষের সঙ্গে কাজ করতে হয়। তাই সহকর্মীর আচরণ, মনোভাব ও পরিস্থিতি বুঝে যোগাযোগ করার দক্ষতা কর্মজীবনে অনেকটাই এগিয়ে রাখে।
পরামর্শ শুনুন
অন্যের অভিজ্ঞতা থেকে শেখার সুযোগ হাতছাড়া করা উচিত নয়। সব পরামর্শ গ্রহণ করতে হবে এমন নয়, তবে মন দিয়ে শুনে প্রয়োজন অনুযায়ী কাজে লাগানো যেতে পারে।
বাড়াতে হবে প্রয়োজনীয় দক্ষতা
পাবলিক স্পিকিং, কম্পিউটার, এক্সেল, পাওয়ার পয়েন্ট, মার্কেটিং, দলগতভাবে কাজ করা ও ভাষাগত দক্ষতা—করপোরেট চাকরিতে এগুলোর গুরুত্ব রয়েছে। তাই চাকরির পাশাপাশি এসব দক্ষতা নিয়মিত চর্চা করা দরকার।
চাকরি খুঁজবেন যেভাবে
চাকরির সুযোগ খুঁজতে লিঙ্কডইন, জব ফেয়ার, জাতীয় দৈনিক ও বিভিন্ন চাকরির ওয়েবসাইট বা অ্যাপ কাজে লাগানো যায়। পাশাপাশি করপোরেট সেক্টরে কর্মরত পরিচিত ও অভিজ্ঞদের সঙ্গেও যোগাযোগ রাখা উপকারী।
করপোরেট চাকরিতে প্রবেশের চেয়ে সেখানে নিজের অবস্থান ধরে রাখা বেশি গুরুত্বপূর্ণ। তাই চাকরির অপেক্ষায় না থেকে প্রয়োজনীয় দক্ষতা তৈরি করাই হতে পারে ক্যারিয়ার গড়ার সবচেয়ে কার্যকর প্রস্তুতি।
/শান্ত/
