প্রবাসীদের জন্য চালু হলো নতুন ব্যাংকিং সুবিধা
প্রবাসী বাংলাদেশিদের জন্য ব্যাংকিং সেবার পরিধি আরও বাড়াতে এনআরসিটিএ বা নন-রেসিডেন্ট কনভার্টিবল টাকা অ্যাকাউন্ট পরিচালনার নিয়মে পরিবর্তন এনেছে বাংলাদেশ ব্যাংক। শুক্রবার (৯ অক্টোবর) কেন্দ্রীয় ব্যাংকের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
নতুন এই ব্যবস্থার ফলে প্রবাসীরা অফশোর ব্যাংকিং ইউনিটের পাশাপাশি অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকেও একাধিক হিসাব খোলার সুযোগ পাবেন। নিজেদের প্রয়োজন অনুযায়ী সঞ্চয়ী, চলতি ও মেয়াদি, এই তিন ধরনের হিসাব পরিচালনা করতে পারবেন তারা। ব্যাংক, এক্সচেঞ্জ হাউস এবং মানি ট্রান্সফার অপারেটরের মাধ্যমে বিদেশ থেকে পাঠানো রেমিট্যান্সের পাশাপাশি নিজস্ব বৈদেশিক মুদ্রা হিসাব থেকে অর্থ স্থানান্তর করে এই অ্যাকাউন্টে জমা রাখা যাবে।
হিসাবে থাকা অর্থ দিয়ে দেশে দৈনন্দিন খরচ মেটানো, অন্য হিসাবে টাকা পাঠানো এবং অনুমোদিত বিভিন্ন খাতে বিনিয়োগ করা যাবে। এছাড়া জমা থাকা অর্থ জামানত হিসেবে রেখে ব্যাংক থেকে ঋণ নেওয়ার সুযোগও রাখা হয়েছে। অ্যাকাউন্ট চালুর পাশাপাশি মূল অর্থ এবং এর বিপরীতে অর্জিত সুদ বা মুনাফা নিরাপদে বিদেশে পাঠানো যাবে।
কেন্দ্রীয় ব্যাংকের নতুন এই নির্দেশনার ফলে এখন থেকে ব্যাংকগুলো প্রবাসীদের জন্য অনলাইনে হিসাব খোলার সুবিধা এবং ই-ব্যাংকিং সেবা দিতে পারবে।
//আইই//
