দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
সংগৃহীত ছবি
দেশের বাজারে আবারও কমানো হয়েছে স্বর্ণের দাম। ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৮ হাজার ৩১ টাকা। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০টা থেকে এই নতুন দর কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস।
স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমে যাওয়ায় বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠকে দাম হ্রাসের এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের সই করা এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।
নতুন নির্ধারিত দর অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি অর্থাৎ ১১ দশমিক ৬৬৪ গ্রাম স্বর্ণের দাম পড়বে ২ লাখ ২৮ হাজার ৩১ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৭ হাজার ৭৬৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৭ হাজার ৩২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ১ লাখ ৫২ হাজার ৭৯৮ টাকায়। এর আগে গত ৯ অক্টোবর ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ৩১ হাজার ২৯৭ টাকা নির্ধারণ করেছিলো সংগঠনটি। মাত্র ৪ দিনের ব্যবধানে এখন সেই দামেই এই কমানোর পদক্ষেপ এলো।
স্বর্ণের পাশাপাশি কমানো হয়েছে রুপার দামও। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ১৯৯ টাকা, ২১ ক্যারেট ৩ হাজার ৯৬৬ টাকা, ১৮ ক্যারেট ৩ হাজার ৪৪১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ২ হাজার ৬২৪ টাকায় বিক্রি হচ্ছে। বাজুস জানিয়েছে, অলংকারের নকশা অনুযায়ী মজুরি যুক্ত হবে এবং বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যোগ করতে হবে। পরে কোনো নির্দেশনা না আসা পর্যন্ত সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই মূল্যতালিকা বহাল থাকবে।
//আইই//
