এলএনজি আমদানিতে দু'টি নতুন প্রস্তাবের নীতিগত অনুমোদন
সংগৃহীত ছবি
দেশে জ্বালানি সরবরাহ বাড়াতে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি সংক্রান্ত দু'টি পৃথক প্রস্তাবের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (১২ অক্টোবর) রাতে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে জুম প্ল্যাটফর্মে এই সভা অনুষ্ঠিত হয়। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের পক্ষ থেকে প্রস্তাব দু'টি সভায় উপস্থাপন করা হয়েছিলো। অর্থমন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সিরাজ উদ-দৌলা খান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
প্রথম প্রস্তাব অনুযায়ী, চেনিয়ার মার্কেটিং ইন্টারন্যাশনাল এলএলপি এবং ট্রাফিগুরা প্রাইভেট লিমিটেডের কাছ থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে এলএনজি সংগ্রহের সুপারিশ করা হয়েছে। সরকারি ক্রয় আইন, ২০০৬-এর ৬৮ ধারা এবং সরকারি ক্রয় বিধিমালা, ২০২৫-এর সংশ্লিষ্ট বিধি মেনে এই প্রক্রিয়া সম্পন্ন করার কথা বলা হয়।
অন্যদিকে, জাতীয় জরুরি চাহিদা মেটাতে এবং দেশে গ্যাসের সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে দ্বিতীয় প্রস্তাবে বিপি সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড, সাহারা এনার্জি রিসোর্স লিমিটেড এবং শেল ইন্টারন্যাশনাল ট্রেডিং মিডলইস্ট লিমিটেড এফজেডই থেকে এলএনজি কেনার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।
//আইই//
