পদত্যাগে বাধ্য করা রামেবি উপাচার্যকে কার্যালয়ে বসালেন ভূমিমন্ত্রী
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উপাচার্য অধ্যাপক ডা. জাওয়াদুল হককে তার দপ্তরের চেয়ারে বসিয়ে দিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে গিয়ে উপাচার্যকে দপ্তরে নিয়ে যান তিনি। এই সময় উপাচার্যকে হেনস্তার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন মন্ত্রী।
ভূমিমন্ত্রী বলেন, যারা উপাচার্যের সঙ্গে দুর্ভাগ্যজনক আচরণ করেছে, তারা দুষ্কৃতকারী। তাদের কোনো দলীয় পরিচয় নেই, তারা সমাজের শত্রু। রাজশাহীতে কোনো ধরনের বিশৃঙ্খলা করতে দেওয়া হবে না। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা করে আইনের আওতায় আনতে প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।
উপাচার্যকে সাহস ধরে রাখার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, রাজশাহীকে এগিয়ে নিতে হবে।
এর আগে গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কার্যালয়ে ২০ থেকে ২৫ জনের একটি দল কক্ষে ঢুকে জাওয়াদুল হককে একটি কাগজে সই করতে বাধ্য করে বলে অভিযোগ করেন তিনি। বুধবার নয়, ওই দিন বিকেলে সংবাদ সম্মেলনে উপাচার্য জানান, কাগজটি পড়তে দেওয়া হয়নি। সই না করলে শারীরিকভাবে লাঞ্ছিত হওয়ার আশঙ্কায় তিনি তাতে সই করেন। তার ধারণা, সেটি ছিলো পদত্যাগপত্র।
/শান্ত/
