শ্রেয়া ঘোষালের রাজকীয় সাজ
সুরের জাদুতে কোটি শ্রোতার মন জয় করেছেন শ্রেয়া ঘোষাল। গানের পাশাপাশি ফ্যাশনেও নিজের স্বতন্ত্র রুচির পরিচয় দিচ্ছেন এই জনপ্রিয় গায়িকা। সম্প্রতি মেরুন ও অফ-হোয়াইট রঙের জ্যামিতিক নকশার ওয়ান-শোল্ডার গাউনে নজর কেড়েছেন তিনি। ঐতিহ্যবাহী ভারতীয় কারুশিল্প আর আধুনিক নকশার মেলবন্ধনে তৈরি পোশাকটি তার সাজে এনেছে আভিজাত্যের ছোঁয়া।
গাউনটির অন্যতম আকর্ষণ ‘রাই দানা’ নকশা। রাজস্থান ও গুজরাটের ঐতিহ্যবাহী বাঁধনি বা টাই-অ্যান্ড-ডাই শিল্পের আদলে ছোট ছোট গিঁট বেঁধে কাপড়ে এই নকশা ফুটিয়ে তোলা হয়েছে। সূক্ষ্ম কারুকাজের প্রতিটি ধাপে প্রয়োজন হয়েছে দক্ষতা ও ধৈর্যের। পোশাকটির নকশা সম্পন্ন করতে ব্যয় হয়েছে মোট ২৫০ শ্রমঘণ্টা। এতে কাজ করেছেন পাঁচজনেরও বেশি দক্ষ কারিগর।
গাউনটির নকশায় রয়েছে ঐতিহ্যবাহী শাড়ির আঁচলের মতো ড্র্যাপিং বা কাপড়ের ভাঁজ ও ঝুলের বিন্যাস। এর সঙ্গে আধুনিক কাটিংয়ের সমন্বয় পোশাকটিকে দিয়েছে আলাদা বৈশিষ্ট্য। এক কাঁধের রাফল বা কুঁচি করা লেয়ার এবং বাইরের দিকে ছড়িয়ে থাকা ফ্লাটার-ধাঁচের হাতার নকশাও নজর কাড়ে। পোশাকের বিভিন্ন অংশে জ্যামিতিক নকশার সামঞ্জস্য পুরো সাজে এনেছে পরিমিত সৌন্দর্য।
গয়নার ক্ষেত্রে ভারী অনুষঙ্গের বদলে ঝুলন্ত দুল ও একটি স্টেটমেন্ট আংটি বেছে নিয়েছেন শ্রেয়া। গাঢ় আইলাইনার, স্মোকি আই মেকআপ এবং ম্যারুন বা ওয়াইন রঙের লিপস্টিক তাঁর সাজে যোগ করেছে গ্ল্যামারের ছোঁয়া। একপাশে ঢেউখেলানো চুলের হাফ-আপ হাফ-ডাউন স্টাইল এবং পেছনে ফুলের নকশার হেয়ার ক্লিপ সাজটিকে করেছে আরও আকর্ষণীয়।
শ্রেয়ার এই সাজে ফুটে উঠেছে ঐতিহ্যবাহী কারুশিল্পের সঙ্গে আধুনিক ফ্যাশনের মেলবন্ধন। সূক্ষ্ম নকশা, মানানসই রং ও পরিমিত অনুষঙ্গের সমন্বয়ে গাউনটি হয়ে উঠেছে তার ফ্যাশন-স্টাইলের আরেকটি উল্লেখযোগ্য উদাহরণ।
/শান্ত/
