কেন ৯টা-৫টার চাকরি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে জেন-জি
দেশের চাকরির বাজারে একটি নতুন প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। ১৯৯৭ থেকে ২০১২ সালের মধ্যে জন্ম নেওয়া প্রজন্ম, যারা জেন জি নামে পরিচিত, তারা প্রচলিত ৯টা-৫টার চাকরির চেয়ে নমনীয় কাজকে বেশি প্রাধান্য দিচ্ছে।
আন্তর্জাতিক শ্রম সংস্থা এবং লিংকডইনের বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে যে, এই প্রজন্মের কাছে চাকরির ক্ষেত্রে বেতনের পাশাপাশি মানসিক স্বাস্থ্য, কাজ ও ব্যক্তিগত জীবনের ভারসাম্য এবং কাজের স্বাধীনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কারণে ফ্রিল্যান্সিং, রিমোট ওয়ার্ক এবং হাইব্রিড মডেল তাদের কাছে জনপ্রিয় হচ্ছে।
বাংলাদেশেও-এর প্রভাব দেখা যাচ্ছে। অনেক তরুণ এখন কনটেন্ট ক্রিয়েশন, গ্রাফিক ডিজাইন এবং আইটি ফ্রিল্যান্সিংকে ক্যারিয়ার হিসেবে নিচ্ছেন। তাদের মধ্যে 'কোয়াইট কুইটিং' বা শুধুমাত্র নির্ধারিত দায়িত্ব পালনের প্রবণতাও আলোচিত হচ্ছে।
তবে বিশেষজ্ঞরা বলছেন, এর মানে এই নয় যে তারা কাজ করতে চায় না। বরং তারা কাজের পরিবেশ নিয়ে বেশি সচেতন। তাদের ধরে রাখতে অনেক কোম্পানি এখন নমনীয় সময় এবং কর্মীদের মতামতকে গুরুত্ব দেওয়ার সংস্কৃতি চালু করছে।
/শিউলী/
