রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা, ৩ সৌদি নাগরিক নিহত
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং সৌদি এয়ারলাইন্সের একটি উড়োজাহাজে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবারের (৯ অক্টোবর) এই হামলায় এক পাইলটসহ দেশটির ৩ নাগরিক নিহত হয়েছেন। এ সময় বিভিন্ন দেশের নাগরিকসহ আরও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির বরাতে শুক্রবার সৌদি কর্তৃপক্ষের এই তথ্য জানানোর বিষয়টি সামনে এসেছে। সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জানায়, প্রথম হামলাটি বিমানবন্দরের অবকাঠামো লক্ষ্য করে করা হয়েছিলো। দ্বিতীয় হামলাটি সরাসরি দেশটির রাষ্ট্রীয় বিমান সংস্থা সৌদি এয়ারলাইন্সের একটি উড়োজাহাজে আঘাত হানে।
হামলায় নিহত ৩ জনের সবাই সৌদি আরবের নাগরিক, যাদের মধ্যে একজন বিমানের পাইলটও ছিলেন। হামলার পর সাময়িকভাবে বিমান চলাচল বিঘ্নিত হলেও ইতোমধ্যে বিমানবন্দরে কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। বর্তমানে রিয়াদের ওই বিমানবন্দরে বিমান চলাচল স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।
এই হামলার জন্য সরাসরি কারা দায়ী, তা সৌদি কর্তৃপক্ষ তাদের বিবৃতিতে উল্লেখ করেনি। তবে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথিরা রিয়াদের বিমানবন্দরে হামলার দাবি করেছে। ইয়েমেনের সরকারি বাহিনী ও হুথিদের মধ্যে নতুন করে সংঘাত শুরুর প্রেক্ষাপটে এই হামলার ঘটনাটি ঘটলো।
//আইই//
