সিইসির পদত্যাগের দাবিতে বিক্ষোভ, দিল্লিতে একাধিক ট্রেন বাতিল
ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভের জেরে দিল্লিগামী একাধিক মেল ও এক্সপ্রেস ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল। এর মধ্যে হাওড়া-নয়াদিল্লি ও শিয়ালদহ-নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেসও রয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) রেলের প্রকাশিত এক নির্দেশিকায় এই তথ্য জানানো হয়েছে। নির্দেশনা অনুযায়ী, শুক্রবার দুপুর ২টার পর যাত্রা শুরু করে শনিবার (১০ অক্টোবর) ভোর ৪টা থেকে দুপুর ২টার মধ্যে নয়াদিল্লি ও হজরত নিজামুদ্দিন স্টেশনে পৌঁছানোর কথা ছিলো, এমন ট্রেনগুলো বাতিল করা হবে।
রেলের কোচিং ডিরেক্টরেটের নির্দেশিকায় বলা হয়েছে, ওই দুই স্টেশনের আশপাশের সড়কে তীব্র যানজটের আশঙ্কা রয়েছে। এই পরিস্থিতি বিবেচনায় ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পূর্ব রেল জানিয়েছে, শুক্রবার যাত্রা শুরুর কথা থাকা হাওড়া-নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেস এবং শিয়ালদহ-নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেসও বাতিল করা হয়েছে।
ভারতের রাজধানী নয়াদিল্লিতে গত কয়েক দিন ধরে সিইসি জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে একাধিক প্রতিবাদ কর্মসূচি চলছে। এর ধারাবাহিকতায় শনিবার যন্তর মন্তরে জমায়েতের ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি) ও কয়েকটি ছাত্র সংগঠন।
/শান্ত/
