নোবেল পুরস্কার ট্রাম্পের সঙ্গে ভাগ করে নিতে পারি, কৌতুক করে বললেন নাভি পিল্লাই
শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার খবর শুনে প্রথমে সেটিকে কৌতুক ভেবেছিলেন মানবাধিকারকর্মী নাভি পিল্লাই। পরে উপস্থিত ব্যক্তিদের উদ্দেশে রসিকতা করে তিনি বলেন, আরও বেশি করতালি পেলে পুরস্কারটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভাগ করে নিতে পারেন।
শুক্রবার (৯ অক্টোবর) নরওয়েজিয়ান নোবেল কমিটি ২০২৬ সালের শান্তি পুরস্কারজয়ী হিসেবে নাভি পিল্লাইয়ের নাম ঘোষণা করে। কমিটির চেয়ারম্যান ইয়োরগেন ওয়াটনে ফ্রিডনেস অসলোতে সংবাদ সম্মেলনে তার নাম জানান। তবে তাৎক্ষণিকভাবে পিল্লাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারেনি কমিটি।
সংবাদ সম্মেলনে ফ্রিডনেস রসিকতা করে বলেন, নরওয়ের কোনো নম্বর থেকে ফোন এলে যেন পিল্লাই ফোনটি ধরেন। তিনি তার সঙ্গে কথা বলতে চান।
এদিকে ক্রিস্টফ নামের এক ব্যক্তির কাছ থেকে পুরস্কার পাওয়ার খবর পান পিল্লাই। তিনি জানান, ওই ব্যক্তি তাকে পড়ার টেবিল থেকে ডেকে খবরটি দেন। এই সময় কয়েকজন তাকে অভিনন্দন জানাতে জড়ো হন।
তাঁদের ধন্যবাদ জানিয়ে পিল্লাই বলেন, ‘এটি নিশ্চয়ই একটি কৌতুক!’ তিনি আরও বলেন, উপস্থিত ব্যক্তিদের করতালি তাঁর কাছে অনেক মূল্যবান। তবে আইনজীবী ও বিচারক হিসেবে তিনি বিষয়টি যাচাই করে নিতে চান।
পরে রসিকতা করে পিল্লাই বলেন, আরও বেশি করতালি পেলে হয়তো পুরস্কারটি ট্রাম্পের সঙ্গে ভাগ করে নিতে পারেন।
আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ড সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি ভিডিও প্রকাশ করে জানান, তিনি জার্মানিতে পিল্লাইয়ের সঙ্গে রয়েছেন। ভিডিওর সঙ্গে দেওয়া পোস্টে তিনি নুরেমবার্গ আদালতে তাদের অবস্থানের কথা উল্লেখ করে পিল্লাইয়ের পুরস্কারপ্রাপ্তিকে ঘিরে উচ্ছ্বাস প্রকাশ করেন।
/শান্ত/
