ফ্রান্সে শত শত সুপারমার্কেটের ফ্রিজে সাইবার হামলা
ফ্রান্সে শত শত সুপারমার্কেটের রেফ্রিজারেশন ব্যবস্থায় সাইবার হামলার ঘটনায় বিপুল পরিমাণ খাদ্যপণ্য নষ্ট হয়েছে। হামলার কারণে বিভিন্ন দোকানের ফ্রিজ ও ফ্রিজারের তাপমাত্রা বেড়ে সর্বোচ্চ ৫০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। কয়েকটি সুপারমার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটেছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, সোমবার ফ্রান্সের শীর্ষস্থানীয় সুপারমার্কেট চেইন ইন্টারমার্শে, কো-অপারেটিভ ইউ ও ই লেক্লের্কসহ একাধিক প্রতিষ্ঠান সাইবার হামলার বিষয়টি নিশ্চিত করে। প্রতিষ্ঠানগুলো ঘটনাটিকে ‘অভূতপূর্ব’ বলে বর্ণনা করেছে।
বার্তা সংস্থা এএফপির তথ্য অনুযায়ী, ইন্টারমার্শে ও এর সহযোগী ব্র্যান্ড নেট্টোর অন্তত ৩০০টি দোকান হামলার শিকার হয়েছে। কো-অপারেটিভ ইউর ১০০টির বেশি আউটলেটেও এর প্রভাব পড়েছে। ক্যারেফুরের ৮০টি সুপারমার্কেট ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া মোনোপ্রির প্রায় ৪৯০টি দোকানের মধ্যে আনুমানিক ৫ শতাংশ হামলার শিকার হয়েছে। ই লেক্লের্কও তাদের কয়েকটি দোকান লক্ষ্যবস্তু হওয়ার কথা জানিয়েছে।
প্যারিসের প্রসিকিউটর কার্যালয় জানিয়েছে, ফ্রান্সজুড়ে বড় খাদ্যপণ্য বিক্রেতা প্রতিষ্ঠানগুলোর সংযুক্ত রেফ্রিজারেশন ব্যবস্থায় এই হামলা চালানো হয়।
ঘটনার পর প্রধানমন্ত্রী সেবাস্তিয়াঁ লেকর্নু দেশটির জাতীয় সাইবার নিরাপত্তা সংস্থাকে (এএনএসএসআই) তদন্তের নির্দেশ দিয়েছেন। হামলার প্রভাব অন্য দেশেও পড়েছে কি না, তা জানতে ইউরোপের অন্যান্য দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করছে ফ্রান্স। পাশাপাশি দেশটির অন্যান্য প্রতিষ্ঠান সাইবার হামলার ঝুঁকিতে রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।
তবে হামলার পেছনে কারা রয়েছে, কীভাবে রেফ্রিজারেশন ব্যবস্থার নিয়ন্ত্রণ নেওয়া হয়েছে এবং মোট কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনো জানা যায়নি।
/শান্ত/
