এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে পালিয়ে বেড়াচ্ছেন সৌদি যুবরাজ
ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলা জোরালো হওয়ায় সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে একটি সুরক্ষিত প্রাসাদ থেকে অন্য প্রাসাদে সরিয়ে নেওয়া হচ্ছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল।
মঙ্গলবার (১৩ অক্টোবর) প্রতিবেদন অনুযায়ী, যুবরাজকে এমন কয়েকটি প্রাসাদে রাখা হচ্ছে, যেখানে কঠোর নিরাপত্তাব্যবস্থা ও বাঙ্কার রয়েছে। তার নিরাপত্তার দায়িত্বে রয়েছে বিশেষভাবে বাছাই করা একটি দল। যুবরাজের চলাফেরা সম্পর্কে অবগত কর্মকর্তাদের বরাতে এই তথ্য প্রকাশ করেছে সংবাদমাধ্যমটি।
৪১ বছর বয়সী মোহাম্মদ বিন সালমানকে সর্বশেষ গত মঙ্গলবার (৬ অক্টোবর) জনসমক্ষে দেখা গেছে। সেইদিন তিনি একটি জাতীয় রক্তদান কর্মসূচিতে অংশ নিয়ে রক্ত দিয়েছিলেন। এরপর থেকে তাঁকে আর জনসমক্ষে দেখা যায়নি।
১০ অক্টোবর সৌদি আরবে গত এক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ হামলার ঘটনা ঘটে। দেশটির রাজধানীর আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের ছোড়া অন্তত একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এই ঘটনায় দুই বাংলাদেশিসহ অন্তত ১৩ জন নিহত এবং ৩০০ জন আহত হয়েছেন। আহতদের অনেকের অবস্থা গুরুতর।
ক্ষেপণাস্ত্র হামলার পর সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে সৌদি আরবের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর। গত পাঁচদিনে বিমানবন্দরটি চারবার হামলার শিকার হয়েছে।
পরিস্থিতির অবনতির মধ্যে সৌদি আরবের জ্বালানিমন্ত্রী প্রিন্স আবদুল আজিজ বিন সালমান হুঁশিয়ারি দিয়ে বলেছেন, হামলার ভয়াবহতা বিবেচনায় সৌদি আরবের পাল্টা প্রতিক্রিয়াও “সমান গুরুতর” হবে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও হুথিদের বিরুদ্ধে সৌদি আরবের সামরিক অভিযানে যোগ দেওয়ার বিষয়টি বিবেচনা করছেন বলে জানিয়েছেন।
/আকরাম/
