পাকিস্তানে স্কুলের ছাদ ধসে নিহত ২১
পাকিস্তানের পেশোয়ারে একটি বেসরকারি স্কুলের ছাদ ধসে এক নারী শিক্ষক ও ২০ জন শিক্ষার্থী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) পেশোয়ারের আফ্রিদি আবাদ এলাকায় এই ঘটনা ঘটে।
লেডি রিডিং হাসপাতালের মুখপাত্র মোহাম্মদ আসিম বার্তাসংস্থা রয়টার্সকে জানিয়েছেন, নিহত সব শিক্ষার্থীর বয়স ১৩ বছরের নিচে। দুর্ঘটনায় আহত হয়ে আরও এক ডজনেরও বেশি মানুষ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
হাসপাতালের ওই মুখপাত্র আরও জানান, এ ঘটনায় আহত পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনার পরপরই ওই হাসপাতালে জরুরি অবস্থা জারি করা হয়েছে।
পেশোয়ারের ডেপুটি কমিশনার আফাক ওয়াজির জানিয়েছেন, আল খাইর স্কুলের ছাদ ধসে পড়েছে। ধ্বংসস্তূপের নিচে অনেক শিক্ষার্থী চাপা পড়ে। ঘটনার সময় স্কুলটিতে ক্লাস চলছিল।
প্রাথমিকভাবে ছাদ ধসে পড়ার এই সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। ঘটনাস্থলে উদ্ধারকাজ পরিচালনা করছে জরুরি সেবা বাহিনী। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।
শিক্ষিকা ও শিক্ষার্থীদের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছেন পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের গভর্নর ফয়সাল করিম। এই ঘটনার কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়েছেন তিনি।
এক বিবৃতিতে তিনি বলেন, এই অবুঝ শিশুদের মূল্যবান জীবন হারানো খুবই বেদনাদায়ক এক ট্র্যাজেডি।
/এমএএইচ/
