শিশু আছিয়া ধর্ষণ ও হত্যায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল
মাগুরা'র আলোচিত ৮ বছরের শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। সোমবার (৩১ আগস্ট) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন। এর আগে গত ২৪ আগস্ট মামলার ডেথ রেফারেন্স ও আপিলের ওপর শুনানি শেষ হওয়ার পর রায়ের জন্য আজকের দিন নির্ধারণ করা হয়েছিলো।
নৃশংস এই ঘটনাটি ঘটে মাগুরা সদর উপজেলার নিজনান্দুয়ালী এলাকায়। রমজানের ছুটিতে সেখানে বোনের বাড়িতে বেড়াতে গিয়ে গত বছরের ৫ মার্চ রাতে ধর্ষণের শিকার হয় আছিয়া। বোনের শ্বশুর হিটু শেখ শিশুটিকে ধর্ষণের পর হত্যার চেষ্টা চালান। পরে মুমূর্ষু অবস্থায় তাঁকে ঢাকা'র সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
এই ঘটনার পর আছিয়া'র মা বাদী হয়ে হিটু শেখসহ ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পুলিশ দ্রুত সব আসামিকে গ্রেপ্তার করে। তদন্ত শেষে ২০২৫ সালের ১৩ এপ্রিল পুলিশ আদালতে অভিযোগপত্র জমা দেয়। এরপর ২৩ এপ্রিল অভিযোগ গঠনের মাধ্যমে মাত্র ১৩ কার্যদিবসে বিচারিক কার্যক্রম শেষ করে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করা হয়, যেখানে রাষ্ট্রপক্ষে মোট ২৯ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন।
বিচারিক প্রক্রিয়া শেষে গত বছরের ১৭ মে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান মামলার রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনাল প্রধান আসামি ৪৭ বছর বয়সী হিটু শেখকে মৃত্যুদণ্ড এবং এক লাখ টাকা জরিমানার নির্দেশ দেন। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর ৩ আসামি নিহত আছিয়া'র বোনের স্বামী সজীব শেখ, সজীবের ছোট ভাই এবং সজীবের মা জাহেদা বেগমকে আদালত খালাস দেন।
