বিএনপির সামনে যে চ্যালেঞ্জ দেখছেন রিজভী
বিএনপির সামনে জনগণের আস্থা ধরে রাখাই বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন, জনগণের প্রত্যাশা পূরণ ও তাদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগই হবে সরকারের সফলতার অন্যতম মাপকাঠি। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর প্রসঙ্গ তুলে রিজভী বলেন, শহীদ জিয়াউর রহমান স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, বহুদলীয় গণতন্ত্র, অর্থনৈতিক উন্নয়ন, উৎপাদন ও আত্মনির্ভরশীলতার লক্ষ্য নিয়ে বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। পরবর্তী সময়ে বেগম খালেদা জিয়া স্বৈরাচারবিরোধী আন্দোলনসহ গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে নেতৃত্ব দেন।
রিজভী বলেন, খালেদা জিয়া কারাবন্দি থাকার সময় তারেক রহমান দল পরিচালনার দায়িত্ব নিয়ে গণতান্ত্রিক আন্দোলনকে এগিয়ে নেন। তার নেতৃত্বে দীর্ঘদিনের আন্দোলন পরবর্তী সময়ে জুলাই গণআন্দোলনে রূপ নেয় এবং ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতন ঘটে।
বর্তমান সরকারের বিভিন্ন কার্যক্রম তুলে ধরে রিজভী বলেন, সামাজিক সুরক্ষা, উন্নয়ন ও উৎপাদনের পাশাপাশি ফার্মার কার্ড, ফ্যামিলি কার্ড এবং ইমাম-মুয়াজ্জিনদের ভাতাসহ নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ করছে। বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবিলায়ও সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে।
/রুশা/
