২০২৭ সালের রোজা শুরু কবে, জানালেন জ্যোতির্বিজ্ঞানীরা
২০২৭ সালের পবিত্র রমজান মাস আগামী ৮ ফেব্রুয়ারি শুরু হতে পারে। জ্যোতির্বিজ্ঞানীদের পূর্বাভাস অনুযায়ী, ওই দিন সোমবার প্রথম রোজা পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সে হিসাবে রমজান শুরু হতে বাকি প্রায় চার মাস।
সংযুক্ত আরব আমিরাতের ইমেরিটাস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এবং আরব ইউনিয়ন ফর অ্যাস্ট্রোনমি অ্যান্ড স্পেস সায়েন্সেসের সদস্য ইব্রাহিম আল জারওয়ান এই পূর্বাভাস দিয়েছেন।
আল খালিজ পত্রিকার বরাতে তিনি জানান, শনিবার সূর্যাস্তের পর সংযুক্ত আরব আমিরাতের স্থানীয় সময় রাত প্রায় ৭টা ৫০ মিনিটে নতুন চাঁদের জন্ম বা মহাজাগতিক সংযোগ ঘটবে। রবিবার, ১১ অক্টোবর সন্ধ্যায় খালি চোখে নতুন চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে।
এই হিসাবে সোমবার (১২ অক্টোবর) ১৪৪৮ হিজরির জমাদিউল আউয়াল মাস শুরু হতে পারে। ফলে পবিত্র রমজান মাসের আগে আর চারটি চন্দ্র মাস বাকি থাকবে।
জ্যোতির্বিজ্ঞানীদের হিসাব অনুযায়ী, ২০২৭ সালের রমজান ২৯ বা ৩০ দিন স্থায়ী হতে পারে। সে ক্ষেত্রে পবিত্র ঈদুল ফিতর ৯ মার্চ মঙ্গলবার অথবা ১০ মার্চ বুধবার অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
তবে রমজান ও ঈদুল ফিতরের তারিখ জ্যোতির্বৈজ্ঞানিক পূর্বাভাসের ভিত্তিতে সম্ভাব্য হিসেবে নির্ধারণ করা হয়েছে। চূড়ান্ত তারিখ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চাঁদ দেখার আনুষ্ঠানিক ঘোষণার ওপর নির্ভর করবে।
/শান্ত/
