৫ সপ্তাহ পর ফিরেই নেইমারের চমক, ফ্লামিঙ্গোর সঙ্গে ড্র করলো সান্তোস
২-০ গোলে পিছিয়ে থেকেও নেইমার জুনিয়রের জোড়া গোলে ফ্লামিঙ্গোর সঙ্গে ২-২ সমতায় ড্র করলো সান্তোস। চোট কাটিয়ে ৫ সপ্তাহ পর মাঠে ফিরেই দুই গোল করে দলকে পয়েন্ট এনে দিলেন এই ব্রাজিলিয়ান তারকা।
ঘরের মাঠে প্রথমার্ধেই ২-০ গোলে পিছিয়ে পড়েছিলো সান্তোস। ম্যাচের ৪৩তম মিনিটে অতিথি দল ফ্লামিঙ্গোকে এগিয়ে নেন দানিলো। এরপর প্রথমার্ধের যোগ করা সময়ের চতুর্থ মিনিটে (৪৯ মিনিট) লুকাস পাকেতার গোলে ব্যবধান দ্বিগুণ হয়।
দ্বিতীয়ার্ধের শুরুতে ফিলিপে কুতিনহোর জায়গায় মাঠে নামেন নেইমার। চোটের কারণে প্রায় পাঁচ সপ্তাহ মাঠের বাইরে ছিলেন তিনি। সান্তোসকে প্রথম গোল পেতে অপেক্ষা করতে হয় ৮২তম মিনিট পর্যন্ত। ভিএআর পর্যালোচনার পর পাওয়া পেনাল্টি থেকে ব্যবধান কমান নেইমার। ওই ফাউলের ঘটনায় জর্জিনহো লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় ফ্লামিঙ্গো।
এরপর ৮৮তম মিনিটে স্বাগতিক সান্তোস দ্বিতীয় পেনাল্টি পায়। সফল স্পট কিকে জোড়া গোল পূর্ণ করার পাশাপাশি স্কোরলাইন ২-২ সমতায় ফেরান নেইমার। শেষ পর্যন্ত সমতায় ড্র রেখে মাঠ ছাড়ে দুই দল।
এই ড্রয়ের ফলে ব্রাজিলিয়ান সিরি আ’তে ২৯ ম্যাচে ১১ জয়, ৯ ড্র ও ৯ হারে ৪২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ৮ নম্বরে রয়েছে সান্তোস। সমান ম্যাচে ১৮ জয়, ৭ ড্র ও ৪ হারে ৬১ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ফ্লামিঙ্গো। ৬০ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে পালমেইরাস ও ৫১ পয়েন্ট নিয়ে ৩ নম্বরে রয়েছে ফ্লুমিনেন্স।
//আইই//
