ফেসবুকে কোন ধরনের পোস্ট বেশি দেখবেন, নিয়ন্ত্রণ বাড়াচ্ছে মেটা
ফেসবুকে কোন ধরনের পোস্ট ও ভিডিও বেশি দেখতে চান, তা সরাসরি জানাতে পারবেন ব্যবহারকারীরা। এ জন্য নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা-নির্ভর সুবিধা চালুর ঘোষণা দিয়েছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা। এর মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের আগ্রহ অনুযায়ী নিউজ ফিড ও রিলসে দেখানো কনটেন্ট আরও ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারবেন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) মেটার এক ঘোষণায় নতুন সুবিধাটির নাম জানানো হয় ‘ইওর অ্যালগরিদম’। এর মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের পছন্দের বিষয় যোগ করতে ও পরিবর্তন করতে পারবেন। ফেসবুকের পোস্টের পাশে থাকা তিন বিন্দুর মেনু থেকে সুবিধাটি ব্যবহারের সুযোগ থাকবে।
এ ছাড়া কোনো পোস্ট ভালো লাগলে আগ্রহী এবং অপছন্দ হলে আগ্রহী নই বিকল্প বেছে নেওয়া যাবে। প্রয়োজনে ব্যবহারকারীর কাছে আরও বিস্তারিত জানতে চাইতে পারে ফেসবুক। তাদের মতামতের ভিত্তিতে কনটেন্ট সুপারিশ তাৎক্ষণিকভাবে হালনাগাদ করার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।
মেটা বলছে, কৃত্রিম বুদ্ধিমত্তার বৃহৎ ভাষা মডেল ব্যবহার করে ব্যবহারকারীর ভাষায় প্রকাশ করা আগ্রহ, প্রসঙ্গ ও পছন্দ বুঝতে পারবে তাদের সুপারিশব্যবস্থা।
তবে নতুন সুবিধাটি কোন কোন দেশে এবং কত দ্রুত সবার জন্য চালু হবে, সে বিষয়ে ঘোষণায় নির্দিষ্ট সময়সূচি দেওয়া হয়নি।
//আইই//
