রাতভর ফোন চার্জ দেওয়া কি ক্ষতিকর?
অনেকেই রাতে ঘুমানোর আগে ফোন চার্জে দিয়ে সকালে চার্জ থেকে খুলেন। ফোন ১০০ শতাংশ চার্জ হয়ে যাওয়ার পরও যদি কয়েক ঘণ্টা চার্জারের সঙ্গে যুক্ত থাকে, তাতে কি ব্যাটারির ক্ষতি হয়? প্রতিনিয়ত এই প্রশ্ন ঘুরপাক খায় আমাদের মনে। জেনে নেওয়া যাক আসল রহস্য।
বর্তমান স্মার্টফোনে সাধারণত লিথিয়াম-আয়ন বা লিথিয়াম-পলিমার ব্যাটারি ব্যবহার করা হয়। ফোন পুরোপুরি চার্জ হয়ে গেলে এর চার্জিং সিস্টেম নিজে থেকেই বিদ্যুৎ প্রবাহ নিয়ন্ত্রণ করে। তাই ১০০ শতাংশে পৌঁছানোর পরও ব্যাটারিতে একই গতিতে ক্রমাগত বিদ্যুৎ প্রবাহ হতে থাকে, এমন ভাবার কারণ নেই। সেক্ষেত্রে রাতভর চার্জে রাখলেই ফোন ওভারচার্জ হয়ে নষ্ট হয়ে যাবে, এই ধারণা ঠিক নয়।
ওভারচার্জ না হলেও ব্যাটারি দীর্ঘ সময় চার্জে রাখা উচিত নয়। লিথিয়াম-ভিত্তিক ব্যাটারি দীর্ঘ সময় ১০০ শতাংশ চার্জে থাকলে, এর ভেতরের রাসায়নিক অবক্ষয় তুলনামূলক দ্রুত হতে পারে। সময়ের সঙ্গে এর প্রভাব ব্যাটারির সর্বোচ্চ ধারণক্ষমতার ওপর পড়ে। এ কারণে কয়েক মাস বা কয়েক বছর ব্যবহারের পর দেখা যেতে পারে, আগের তুলনায় ফোনের চার্জ দ্রুত শেষ হয়ে যাচ্ছে।
তাহলে কি রাতে ফোন চার্জে রেখে ঘুমানো যাবে?
আধুনিক স্মার্টফোনে চার্জিং নিয়ন্ত্রণ ও সুরক্ষার একাধিক ব্যবস্থা থাকায় সাধারণত রাতভর চার্জে লাগিয়ে রাখলে ফোন সঙ্গে সঙ্গে নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা নেই। তবে, ব্যাটারির দীর্ঘমেয়াদ চাইলে কিছু বিষয় মেনে চলা দরকার।
চার্জ দেওয়ার সময় ফোন অতিরিক্ত গরম হচ্ছে কি না, খেয়াল রাখতে হবে। ফোনকে বালিশ বা কম্বলের নিচে রেখে চার্জ দেওয়া থেকে বিরত থাকতে হবে। ফোনে যদি বিশেষ চার্জিং ফিচার থাকে, সেগুলো চালু রাখতে হবে।
/ইমরান/
