নতুন আইফোন আনছে অ্যাপল, আসছে ফোল্ডেবল চমকও!
প্রযুক্তি বিশ্বে আজ নজর অ্যাপলের দিকে। নতুন আইফোনসহ একাধিক পণ্য উন্মোচনের মধ্য দিয়ে বড় আয়োজন করতে যাচ্ছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানটি। বুধবার (৯ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার কুপারটিনোয় অ্যাপল পার্কে ‘সারপ্রাইজ অ্যান্ড শাইন’ অনুষ্ঠানে নতুন পণ্য ও প্রযুক্তি উন্মোচন করা হবে। বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হবে অনুষ্ঠানটি।
অনুষ্ঠানে আইফোন ১৮ প্রো ও আইফোন ১৮ প্রো ম্যাক্সের পাশাপাশি অ্যাপলের প্রথম ভাঁজ করা আইফোনের ঘোষণা আসতে পারে। নতুন অ্যাপল ওয়াচ ও এয়ারপডসও উন্মোচনের সম্ভাবনা রয়েছে।
গুঞ্জন অনুযায়ী, আইফোন ১৮ প্রো সিরিজে ২ ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি এ২০ প্রো চিপ ব্যবহার করা হতে পারে। এতে কর্মক্ষমতা, তাপ নিয়ন্ত্রণ ও ব্যাটারি ব্যবস্থাপনায় উন্নতি আসতে পারে। আইফোন ১৮ প্রো ম্যাক্সে পরিবর্তনশীল অ্যাপারচারযুক্ত ক্যামেরা যুক্ত হওয়ারও গুঞ্জন রয়েছে।
এদিকে, অ্যাপলের প্রথম ফোল্ডেবল আইফোন হতে পারে এবারের সবচেয়ে বড় চমক। সম্ভাব্য নাম ‘আইফোন আলট্রা’। বইয়ের মতো ভাঁজ করা ফোনটিতে ৭ দশমিক ৮ ইঞ্চির অভ্যন্তরীণ ও প্রায় ৫ দশমিক ৩ ইঞ্চির বাইরের ডিসপ্লে থাকতে পারে। দাম ২ হাজার ৫০০ ডলার পর্যন্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
নতুন অ্যাপল ওয়াচ সিরিজ ১২, ওয়াচ আলট্রা ৪ এবং এয়ারপডস ৫ নিয়েও রয়েছে নানা জল্পনা।
//রুশা//
