যে ৮০-এর দশক দেখেনি নতুন প্রজন্ম, এখন সেটিই ট্রেন্ড
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সাহায্যে যেন আবারও ফিরে আসছে ১৯৮০-এর দশক। সামাজিক যোগাযোগমাধ্যমে এখন ছড়িয়ে পড়ছে এআই দিয়ে তৈরি ছবি ও ভিডিও, যেখানে ৮০ ও ৯০-এর দশকের জীবনকে তুলে ধরা হচ্ছে এক নস্টালজিক রূপে।
‘এআই নস্টালজিয়া’ নামে পরিচিত এই প্রবণতায় স্মার্টফোন ও সামাজিক যোগাযোগ মাধ্যমের আগের সময়কে বেশি স্বাভাবিক, প্রাণবন্ত ও মানুষের কাছাকাছি হিসেবে দেখানো হচ্ছে। ইনস্টাগ্রাম, টিকটক ও ইউটিউবের বিভিন্ন অ্যাকাউন্টে এমন কনটেন্ট ব্যাপক জনপ্রিয়তা পাচ্ছে।
এ ধরনের ভিডিও তৈরিতে ব্যবহার করা হচ্ছে জেনারেটিভ এআই প্রযুক্তি। ওপেনএআই'র সোরা, গুগলের ভিও এবং লুমা এআই'র মতো টুল ব্যবহার করে অতীতের দৃশ্যের আদলে এমন ভিডিও তৈরি করা হচ্ছে, যা প্রথম দেখায় বাস্তব পুরোনো ফুটেজ বলেও মনে হতে পারে।
এই প্রবণতার অন্যতম উদাহরণ ‘ম্যাক্সিমাল নস্টালজিয়া’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। ১৯৮০ ও ১৯৯০-এর দশকের সাজপোশাক, বড় চুল, উজ্জ্বল পোশাক এবং শহর ও শহরতলির দৃশ্যের মাধ্যমে সেই সময়ের একটি আকর্ষণীয় ছবি তুলে ধরা হচ্ছে।
