মালয়েশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের নতুন কমিটি
মালয়েশিয়ায় অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন বাংলাদেশি স্টুডেন্টস অর্গানাইজেশন মালয়েশিয়ার (বিএসওএম) ২০২৬-২৭ সেশনের ৭৯ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন ইউনিভার্সিটি তেনাগা ন্যাশনালের (ইউনিটেন) শিক্ষার্থী আসিফ রহমান ভূঁইয়া এবং সাধারণ সম্পাদক হয়েছেন ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়ার শিক্ষার্থী তাসফিয়া আরেফীন অধরা।
গত ২৯ সেপ্টেম্বর উপদেষ্টা পরিষদের সদস্যদের ভোট ও কমিটির সদস্যদের মতামতের ভিত্তিতে নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়।
কমিটিতে সহসভাপতি হয়েছেন মেহেদী হাসান জ্যাক ও আদিবা আহমেদ। যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার ইসলাম খোকন ও সাবরিনা সুচনা, সাংগঠনিক সম্পাদক রাজিউজ্জামান স্বপ্নীল, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মাশরাফি সরকার মইন এবং অর্থ সম্পাদক ফারিয়া ফারা দায়িত্ব পেয়েছেন।
এছাড়া শিক্ষাবিষয়ক, স্বাস্থ্য, মিডিয়া অ্যান্ড আইটি, আন্তর্জাতিক, ক্রীড়া, সাংস্কৃতিক, আইন, ইভেন্ট অ্যান্ড পিআরসহ বিভিন্ন সম্পাদকীয় পদে দায়িত্ব দেওয়া হয়েছে।
নবনির্বাচিত সভাপতি আসিফ রহমান ভূঁইয়া জানান, মালয়েশিয়ায় অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের আরও বিস্তৃতভাবে সম্পৃক্ত করতে ২৬টি বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীদের নতুন কমিটিতে রাখা হয়েছে। শিক্ষার্থীদের জন্য নতুন উদ্যোগ ও বিভিন্ন আয়োজনের পাশাপাশি তাদের ইতিবাচক পরিচিতি তুলে ধরার ওপর গুরুত্ব দেওয়ার কথা জানান তিনি।
২০১৪ সালে প্রতিষ্ঠিত বিএসওএম মালয়েশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, শিক্ষা ও কল্যাণমূলক সহায়তা, ক্রীড়া, সাংস্কৃতিক ও সামাজিক কার্যক্রম নিয়ে কাজ করছে।
/শান্ত/
