জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানিমন্ত্রী
জ্বালানি সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ইরান-ইসরাইল যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যে তেল ও গ্যাস সরবরাহ ব্যবস্থায় সংকট তৈরি হওয়ায় সাময়িকভাবে জ্বালানি সংগ্রহে জটিলতা দেখা দিয়েছিলো।
মন্ত্রী বলেন, জ্বালানি কেনার পরও তা দেশে আনা সম্ভব না হওয়া এবং ভাসমান এলএনজি টার্মিনালে (এফএসআরইউ) আগুন লাগার ঘটনাও সরবরাহে বিলম্বের কারণ। এসব পরিস্থিতির মধ্যে বিকল্প উৎস থেকে জ্বালানি সংগ্রহে কিছুটা সময় লেগেছে।
তিনি জানান, বর্তমানে জ্বালানি দেশে আনা সম্ভব হয়েছে এবং সরবরাহের শিডিউলও ঠিক করা হয়েছে। ভবিষ্যতে আর কোনো দুর্ঘটনা না ঘটলে বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
/শান্ত/
