সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, নেপথ্যের কারণ জানালো পুলিশ
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের নির্মাণাধীন স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে। তবে স্টুডিও টার্গেট করে কোনো হামলা বা চাঁদাবাজির ঘটনা ঘটেনি বলে জানিয়েছে পুলিশ। তাদের দাবি, পাশের জমির মালিকের সঙ্গে নিউগিনি প্রপার্টিজের দীর্ঘদিনের বিরোধের জেরেই এই ঘটনা ঘটেছে।
ডিএমপির ক্যান্টনমেন্ট অঞ্চলের সহকারী কমিশনার (এসি) নাজমুল আলম সংবাদমাধ্যমকে বলেন, ‘নিউ গিনি প্রপার্টিজ লিমিটেডের সঙ্গে পাশের জমির মালিকের জমি নিয়ে বিরোধের জেরে এই ঘটনা ঘটেছে। এখানে চাঁদাবাজির কোনো ঘটনা ঘটেনি। সালমান মুক্তাদিরের স্টুডিও টার্গেট ছিলো না।’
শনিবার (২৭ সেপ্টেম্বর) মধ্যরাতে রাজধানীর ইসিবি চত্বরের নিউগ্রিনি প্রপার্টিজ এলাকায় হামলা ও লুটপাটের ঘটনা ঘটে। হামলাকারীরা স্টুডিওর বিভিন্ন সরঞ্জাম ও কক্ষের আসবাবসহ নানা জিনিসপত্র ভাঙচুর ও লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এই সময় স্টুডিওতে থাকা সিসি ক্যামেরাসহ অন্যান্য যন্ত্রপাতিও ক্ষতিগ্রস্ত হয়েছে।
প্রাথমিকভাবে জানা যায়, ৩৫ কাঠা জমির দখল-বেদখলকে কেন্দ্র করে মেজর জেনারেল (অবঃ) গোলাম মহিউদ্দিন চৌধুরী এবং নিউগিনি প্রপার্টিজের মালিক নাজিম উদ্দিনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো।
পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, সেই বিরোধের জের ধরে মেজর জেনারেল (অবঃ) গোলাম মহিউদ্দিন চৌধুরীর পক্ষের লোকজন নিউগিনি প্রপার্টিজের ভেতরে প্রবেশ করে বিভিন্ন স্থাপনায় ভাঙচুর করে।
সালমান মুক্তাদির এক ভিডিওবার্তায় স্টুডিওতে হামলা ও ভাঙচুরের বিষয়টি তুলে ধরার পর থেকেই ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়। তবে পুলিশের বক্তব্য অনুযায়ী, হামলার মূল কারণ ছিলো জমি নিয়ে বিরোধ; সালমান মুক্তাদিরের স্টুডিওকে আলাদাভাবে টার্গেট করা হয়নি।
//রুশা//
