গুঁড়িয়ে দেওয়া রাড্ডা সেন্টারে চলছে টিকাদান
রাজধানীর মিরপুর-১ নম্বরে গুঁড়িয়ে দেওয়া রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে সীমিত পরিসরে আবারও স্বাস্থ্যসেবা শুরু হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে একটি কক্ষে শিশুদের হামসহ নিয়মিত টিকাদান কার্যক্রম চালু করা হয়।
এর আগে রবিবার ক্রীড়া প্রতিমন্ত্রীর নির্দেশের পর সোমবার সকাল সাড়ে ৬টার দিকে সেন্টারের গেট খুলে দেওয়া হয়। পরে ভেতরে পড়ে থাকা ইট, ভাঙা মালামাল ও ধ্বংসাবশেষ সরিয়ে একটি কক্ষ পরিষ্কার করা হয়।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে সরেজমিনে দেখা যায়, একটি কক্ষে ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের হামসহ নিয়মিত টিকা দেওয়া হচ্ছে। অন্য কক্ষগুলোতে টেবিল-চেয়ার বসিয়ে স্বাস্থ্যসেবা চালুর প্রস্তুতি চলছে।
রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারের নির্বাহী পরিচালক ডা. নাসরিন আখতার বলেন, গেট খুলে দেওয়ার পর ভাঙচুরের মালামাল সরিয়ে সীমিত পরিসরে স্বাস্থ্যসেবা শুরু করা হয়েছে। হামলার ঘটনায় জড়িত সবাইকে চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
এদিকে সেন্টারটি পরিদর্শনে গিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ প্রশাসনের ভেতরে অনিয়ম বা দলীয় প্রভাব থাকলে তা চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
এর আগে ২৫ সেপ্টেম্বর রাতে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ওঠে। ঘটনায় একটি পাকা ও তিনটি সেমিপাকা স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। এই ঘটনায় মামলা হয়েছে এবং কয়েকজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
/শান্ত/
