শ্রমিককে মারধর, চট্টগ্রাম বন্দরে কনটেইনার ডেলিভারি বন্ধ
পণ্যবাহী ট্রেইলারের এক কর্মীকে মারধরের জেরে চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি বন্ধ রেখেছে ট্রাক, প্রাইম মুভার ও ট্রেইলার চালক শ্রমিকরা। সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকাল চারটা দিকে চট্টগ্রাম বন্দরের ৫ নম্বর গেটে এই ঘটনা ঘটে।
শ্রমিকদের অভিযোগ, বন্দর গেট দিয়ে প্রবেশের পাস ইস্যুকে কেন্দ্র করে ট্রেইলার শ্রমিক অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষের সঙ্গে বন্দর গেটে কর্মরত সিকিউরিটি কর্মীর প্রথমে বাগবিতণ্ডা এরপর হাতাহাতির ঘটনা ঘটে। এরই জেরে পণ্য পরিবহন বন্ধ করে দেয় শ্রমিকরা।
প্রাইম মুভারস ট্রেইলার শ্রমিক ইউনিয়ন সভাপতি সেলিম খান জানান, গেট পাসের ফি ৫৭ টাকার বদলে ৮০ থেকে ১০০ টাকা পর্যন্ত নেয়া হচ্ছে। সমিতির কোষাধ্যক্ষ মোকতার হোসেনের কাছ থেকেও বাড়তি টাকা নেওয়ার প্রতিবাদ জানালে বন্দরের সিকিউরিটি কর্মীরা তাকে মারধর করেন। বন্দর কর্তৃপক্ষকে এই বিষয়ে জানালে তারা এসে মীমাংসার প্রস্তাব দেয়। এরপর আমরা সবাই চার নম্বর গেটে গেলে সেখানে আবারও ঝামেলা সৃষ্টি হয়। এরপর থেকে আমরা পণ্য পরিবহন বন্ধ করে দেয় পরিবহন শ্রমিকরা।
চট্টগ্রাম বন্দর দিয়ে প্রতিদিন অন্তত ৫ হাজার একক কন্টেইনারবাহী পণ্য ডেলিভারি হয়। জাহাজ থেকে নামিয়ে এই কন্টেইনার ট্রেইলারে করে গন্তব্যে নেওয়া হয়। বিকাল চারটা থেকে এই পরিবহন বন্ধ আছে। এই বিষয়ে জানতে চট্টগ্রাম বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিমকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।
// ইমরান//
