গণভবনের পেছনের মাঠে বিপুল বিস্ফোরক, ঘটনাস্থলে বোম্ব ডিসপোজাল ইউনিট
রাজধানীর শেরেবাংলা নগরে গণভবনের পেছনে সাবেক বাণিজ্য মেলার মাঠ থেকে ২০টির বেশি ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এই ঘটনায় পুরো এলাকা ঘিরে রেখে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে সাবেক বাণিজ্য মেলার মাঠে অভিযান চালায় এসআরবি। উদ্ধার করা বিস্ফোরকগুলো নিষ্ক্রিয় করতে ঘটনাস্থলে বোম্ব ডিসপোজাল ইউনিট পৌঁছেছে।
এসআরবি-২-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নায়মুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযানে এখন পর্যন্ত ২০টির বেশি ককটেল ও পেট্রোল বোমা পাওয়া গেছে। এগুলো নিষ্ক্রিয় করার কাজ চলছে।
ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নিয়ে সাধারণ মানুষের চলাচল নিয়ন্ত্রণ করছেন। নিরাপত্তার কারণে পুরো এলাকা ঘিরে রাখা হয়েছে।
উদ্ধার করা বিস্ফোরকগুলো কীভাবে সেখানে এলো বা এর সঙ্গে কারা জড়িত, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। উদ্ধার ও নিষ্ক্রিয়করণ কার্যক্রম শেষে এই বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
/শান্ত/
