খামারবাড়িতে তিন কর্মকর্তার ছবি দিয়ে ‘স্বৈরাচারের দোসর’ পোস্টার
রাজধানীর খামারবাড়িতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) তিন কর্মকর্তার ছবি দিয়ে ‘স্বৈরাচারের দোসর’ লেখা পোস্টার সাঁটানো হয়েছে। বুধবার ভোরে ডিএইর প্রধান কার্যালয়ের আশপাশের বিভিন্ন দেয়াল ও পিলারে এসব পোস্টার দেখা যায়। প্রায় সাড়ে তিন ঘণ্টা পর সকাল সাড়ে ১১টার দিকে কে বা কারা পোস্টারগুলো তুলে নিয়ে যায়।
ডিএই সূত্রে জানা গেছে, পোস্টারে ছবি থাকা তিন কর্মকর্তার মধ্যে একজন বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। অন্য দুজনের রাজনৈতিক কর্মকাণ্ডে সরাসরি সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়নি।
পোস্টারে ছবি থাকা এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, তিনি সরকারি চাকরি করেন এবং তার কোনো রাজনৈতিক পরিচয় নেই। সরকার যে নির্দেশনা দেয়, তিনি তা পালন করেন। সরকার যেখানে বদলি করবে, সেখানেই যাবেন। তবে তাকে ‘স্বৈরাচারের দোসর’ আখ্যা দিয়ে ছবি ব্যবহার করে পোস্টার লাগানোকে তিনি ন্যক্কারজনক বলে মন্তব্য করেন।
ওই কর্মকর্তা আরও বলেন, কোনো কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ থাকলে তদন্ত হতে পারে। অভিযোগ প্রমাণিত হলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া যেতে পারে। কিন্তু এভাবে ছবি দিয়ে কাউকে ‘স্বৈরাচারের দোসর’ হিসেবে চিহ্নিত করে রাস্তায় পোস্টার লাগিয়ে হেয় করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
ডিএই কর্মকর্তাদের ভাষ্য, আওয়ামী লীগ সরকারের পতনের পর অধিদপ্তরে বদলি ও পদায়ন ঘিরে নানা তৎপরতা চলছে। এই নিয়ে খামারবাড়িতে অস্থিরতার ঘটনাও আগেও সামনে এসেছে।
//রুশা//
