আমদানি নির্ভরতা কমিয়ে সার উৎপাদন বাড়ানোর তাগিদ
দেশে সার উৎপাদন বাড়ানোর প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেছে ত্রয়োদশ জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান কমিটি। বুধবার (৩০ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে সার সংকট নিরসন ও ব্যয় কমাতে এই সুপারিশ করা হয়।
বৈঠকে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) ও এর আওতাধীন প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) কার্যক্রম পর্যালোচনা করা হয়। এ ছাড়া রাসায়নিক সারের উৎপাদন, মজুত ও বিতরণ ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, গ্যাস-সংকটের কারণে গত দুই বছরে যমুনা ফার্টিলাইজার কারখানায় মাত্র তিন দিন সার উৎপাদন হয়েছে। অন্যদিকে আশুগঞ্জ সার কারখানায় গত ১৯ মাস ধরে উৎপাদন বন্ধ রয়েছে।
বৈঠকে বন্ধ ও পে-অফ করা সার কারখানাগুলোর বিষয়ে মন্ত্রণালয়ের ভবিষ্যৎ পরিকল্পনা জানতে চাওয়া হয়। একই সঙ্গে বন্ধ কারখানাগুলো পুনরায় চালু এবং পুরোনো সার কারখানাগুলো আধুনিকায়নের মাধ্যমে উৎপাদন সক্ষমতা বাড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।
সার সরবরাহ ব্যবস্থার সাপ্লাই চেইন ঠিক রাখতে ডিজিটাল রিয়েল-টাইম মনিটরিং ব্যবস্থা চালুর জন্য প্রয়োজনীয় পরিকল্পনা নেওয়ার সুপারিশও করা হয়েছে। একই সঙ্গে কৃত্রিম সংকট সৃষ্টিকারী ডিলারদের লাইসেন্স বাতিলের ক্ষেত্রে কী ধরনের ব্যবস্থা নেওয়া যায়, তা পর্যালোচনার কথা বলা হয়।
// ইমরান//
