রাস্তা থেকে ডেকে নিয়ে শিশুকে ধর্ষণ, অটোচালক গ্রেপ্তার
কুমিল্লার চান্দিনায় পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে রাস্তা থেকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে অটোচালক আল আমিনের বিরুদ্ধে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার দোল্লাই নবাবপুর এলাকায় এ ঘটনা ঘটে। পরে রাতেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার আল আমিন (৪০) পাশের দেবিদ্বার উপজেলার রাজামেহার গ্রামের বজলুর রহমানের ছেলে। তিনি চান্দিনার দোল্লাই নবাবপুর এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, আল আমিনের ভাড়া বাসার সামনে অটোরিকশায় বসে ছিলো শিশুটি। ওই সময় বাসায় কেউ না থাকায় কৌশলে তাকে বাসার কক্ষে নিয়ে নির্যাতন করা হয় বলে অভিযোগ। একপর্যায়ে শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন এবং আল আমিনকে আটক করেন। পরে ৯৯৯ নম্বরে কল করে পুলিশকে খবর দেওয়া হয়।
ঘটনার পর ভুক্তভোগী স্কুলছাত্রীর ভাই বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেন।
চান্দিনা থানার ওসি নুরুজ্জামান বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। অভিযুক্ত আল আমিনকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে।
//রুশা//
