প্রধানমন্ত্রীর সমালোচনা করায় স্কুলশিক্ষক আটক
কুষ্টিয়ার দৌলতপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে শ্রেণিকক্ষে সমালোচনা করার অভিযোগে গোলাম কিবরিয়া লালন নামে এক স্কুলশিক্ষককে আটক করেছে পুলিশ। বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে প্রাগপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক গোলাম কিবরিয়া লালন প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক।
স্থানীয় বাসিন্দা, অভিভাবক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, মঙ্গলবার বেলা ৩টার দিকে বিদ্যালয়ের দশম শ্রেণির বাংলা ক্লাস চলাকালে জাতিসংঘে প্রধানমন্ত্রীর বাংলা ভাষণের প্রসঙ্গ ওঠে। এই সময় শিক্ষক গোলাম কিবরিয়া লালন প্রধানমন্ত্রীর বাংলা উচ্চারণ নিয়ে শিক্ষার্থীদের উদ্দেশে বিরূপ মন্তব্য করেন।
বিষয়টি নিয়ে শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ দেখা হয়। ক্লাস শেষে শিক্ষার্থীরা বাড়িতে গিয়ে অভিভাবকদের কাছে ঘটনাটি সম্পর্কে জানালে তা এলাকায় ছড়িয়ে পড়ে। বুধবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে কয়েকজন অভিভাবক ও স্থানীয় বাসিন্দা জড়ো হয়ে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এই বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালেদুর রহমান বলেন, প্রধানমন্ত্রীকে নিয়ে সমালোচনা করায় বিদ্যালয়ের পরিবেশ উত্তপ্ত করার অভিযোগে গোলাম কিবরিয়া লালনকে আটক করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
// ইমরান//
