নারীদের বাদ দিয়ে গণতন্ত্র সুসংহত হবে না: সিইসি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, দেশের অর্ধেক জনগোষ্ঠীকে বাইরে রেখে গণতন্ত্র সুসংহত করা সম্ভব নয়। তিনি বলেছেন, গণতন্ত্রকে কার্যকর ও টেকসই করতে নির্বাচনী প্রক্রিয়াসহ রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে নারীর কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
সোমবার (৫ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটে ইউএন ইলেকটোরাল প্রজেক্ট আয়োজিত জেন্ডার ইকুয়ালিটি বিষয়ক কর্মশালায় তিনি এসব কথা বলেন।
সিইসি বলেন, নারী ভোটারের অংশগ্রহণ বেশি হলেও স্থানীয় সরকার নির্বাচনে নারী প্রার্থীর সংখ্যা তুলনামূলকভাবে কম। দেশের সংস্কৃতি ও সামাজিক বিশ্বাসের বিষয়টি বিবেচনায় নিয়ে নারীর রাজনৈতিক অংশগ্রহণ বাড়াতে সচেতনতা তৈরি এবং প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার ওপর গুরুত্ব দেন তিনি।
তিনি বলেন, শুধু সংখ্যাগত উপস্থিতি নয়, সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রেও নারীদের কার্যকর অংশগ্রহণ প্রয়োজন। নির্বাচনে নারীদের জন্য সমান সুযোগ বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করতে হবে।
/শান্ত/
