বিআরটিএতে দালালবিরোধী অভিযানে আটক ৭
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) মিরপুর কার্যালয়ে অভিযান চালিয়ে ৭ জনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। তাদের মধ্যে ৪ জনকে দুই মাস করে কারাদণ্ড এবং ৩ জনকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) বিআরটিএ ঢাকা মেট্রো-১ সার্কেলের মিরপুর-১৩ কার্যালয়ে এই অভিযান পরিচালনা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামানের নেতৃত্বে অভিযানটি চালানো হয়।
কারাদণ্ডপ্রাপ্তরা হলেন মো. মিরাজ হোসেন, মো. সুজন হোসেন, মেঃ হারুন ও মো. রাশেদ হক। আটক অপর ৩ জনকে জরিমানা করে ছেড়ে দেওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামান বলেন, বিআরটিএতে সেবা নিতে আসা মানুষকে দ্রুত কাজ করে দেওয়ার প্রলোভন দেখিয়ে একটি চক্র কাগজপত্র ও টাকা নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে। এ বিষয়ে কর্তৃপক্ষের কাছে একাধিক অভিযোগ এসেছে।
তিনি বলেন, সেবাগ্রহীতাদের হয়রানি ও ভোগান্তি বন্ধ এবং বিআরটিএকে দালালমুক্ত রাখতে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। ভবিষ্যতেও এ অভিযান অব্যাহত থাকবে।
/শান্ত/
