ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক
একাধিক খাদ্য ভর্তুকি কর্মসূচি একত্রিত করে নগদ সহায়তার লক্ষ্য নির্ধারণ আরও কার্যকর করার পাশাপাশি ‘ফ্যামিলি কার্ড’ চালু করা গেলে অতিরিক্ত ২৮ লাখ ৫০ হাজার মানুষকে দারিদ্র্য থেকে বের করে আনা সম্ভব হতে পারে বলে জানিয়েছে বিশ্বব্যাংক।
মঙ্গলবার (৬ অক্টোবর) প্রকাশিত ‘বাংলাদেশ উন্নয়ন হালনাগাদ’ প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংস্থাটি। বিশ্বব্যাংক বলেছে, সীমিত সরকারি সম্পদের সর্বোচ্চ সুফল পেতে সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা প্রকৃত দরিদ্র ও ঝুঁকিপূর্ণ মানুষের কাছে পৌঁছানো নিশ্চিত করতে হবে।
প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে সবচেয়ে দরিদ্র প্রায় অর্ধেক পরিবারই কোনো না কোনো সামাজিক নিরাপত্তা কর্মসূচির বাইরে রয়েছে। ফলে সহায়তার একটি বড় অংশ প্রকৃত দরিদ্র মানুষের কাছে পৌঁছাচ্ছে না। এই পরিস্থিতিতে সুবিধাভোগী নির্বাচন আরও কার্যকর করার পাশাপাশি ‘ডায়নামিক সোশ্যাল রেজিস্ট্রি’ সম্প্রসারণের পরামর্শ দিয়েছে বিশ্বব্যাংক।
সংস্থাটি জানায়, ২০২৬ অর্থবছরে দেশে দারিদ্র্য ও বৈষম্য বেড়েছে এবং আগের বছরের তুলনায় প্রায় ২১ লাখ বেশি মানুষ দারিদ্র্যসীমার নিচে নেমেছে। একই সময়ে কর্মসংস্থান সৃষ্টি থমকে গেছে, বিশেষ করে নারীরা চাকরি হারিয়েছেন।
অন্যদিকে অর্থনীতি পুনরুদ্ধারে ব্যাংকিং খাত, অভ্যন্তরীণ রাজস্ব আহরণ ও জ্বালানি খাতে দ্রুত সংস্কারের তাগিদ দিয়েছে বিশ্বব্যাংক। সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, ২০২৬ ও ২০২৭ অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি ৩ দশমিক ৪ শতাংশ হতে পারে। সংস্কারের গতি বাড়লে ২০২৮ অর্থবছরে তা ৩ দশমিক ৯ শতাংশে উন্নীত হতে পারে।
/শান্ত/
