ভিসা আবেদনকারীদের সতর্ক করলো মার্কিন দূতাবাস
যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনে সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য দিতে হবে আবেদনকারীদের। এসব তথ্য না দিলে আবেদন প্রত্যাখ্যানের পাশাপাশি ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ভিসার জন্য অযোগ্য হওয়ার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছে ঢাকায় মার্কিন দূতাবাস।
মঙ্গলবার (৬ অক্টোবর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই সতর্কবার্তা জানানো হয়। দূতাবাস বলেছে, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে ভিসা আবেদনে সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দিলে আবেদন প্রত্যাখ্যাত হতে পারে এবং ভবিষ্যতে ভিসা পাওয়ার ক্ষেত্রে অযোগ্য হতে পারেন আবেদনকারী।
এর আগে ভিসা সাক্ষাৎকার নিয়েও আবেদনকারীদের সতর্ক করেছিলো দূতাবাস। সাক্ষাৎকারে অতীত বা বর্তমানের কোনো ইমিগ্রেশন আইন লঙ্ঘনের তথ্য গোপন না করে সত্য ও সম্পূর্ণ তথ্য দেওয়ার পরামর্শ দেওয়া হয়।
দূতাবাস জানিয়েছে, কনস্যুলার কর্মকর্তারা আবেদনকারীদের ইমিগ্রেশন আইন লঙ্ঘনের অতীত ইতিহাস সম্পর্কে অবগত থাকেন। ভিসা প্রত্যাখ্যান, অনুমোদিত সময়ের বেশি অবস্থান বা অন্য কোনো ইমিগ্রেশন-সংক্রান্ত জটিলতার তথ্য গোপন করলেও সমস্যা হতে পারে। মিথ্যা তথ্য দিলে যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর নিষেধাজ্ঞাও আসতে পারে।
/শান্ত/
