সরকারি স্বার্থ সংরক্ষণে গুরুত্ব দিচ্ছে সরকার: ভূমিমন্ত্রী
ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেছেন, সরকারি জমি বরাদ্দে স্বচ্ছতা, সরকারি স্বার্থ সংরক্ষণ ও ভূমির সুষম ব্যবহার নিশ্চিত করাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কেন্দ্রীয় ভূমি বরাদ্দ কমিটির ১৫৭তম সভায় তিনি এ কথা বলেন।
ভূমিমন্ত্রী বলেন, ভূমি অধিগ্রহণের পুরো প্রক্রিয়া স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন করতে হবে। একই সঙ্গে অধিগ্রহণকে কেন্দ্র করে যাতে জনগণের মধ্যে অসন্তোষ তৈরি না হয়, সেদিকেও সংশ্লিষ্টদের সতর্ক থাকতে হবে। উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের পাশাপাশি পরিবেশের ভারসাম্য ও কৃষিজমি সুরক্ষার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে।
সভায় বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ভূমি অধিগ্রহণসংক্রান্ত একাধিক প্রস্তাব অনুমোদন করা হয়। এর মধ্যে চট্টগ্রাম মহানগরের বিভিন্ন মৌজায় জলাবদ্ধতা নিরসন প্রকল্পের আওতায় ৪.১৩০৫ একর এবং কর্ণফুলী ও আনোয়ারা উপজেলায় সড়ক উন্নয়ন প্রকল্পের আওতায় ২১.৭০৮৩ একর জমি অধিগ্রহণের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
/শান্ত/
