ঢাবি ক্যাম্পাসে নিরাপত্তায় আসছে এআই ক্যামেরা
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিসম্পন্ন সিসিটিভি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নতুন ডিজিটাল সিস্টেমের আওতায় এসব ক্যামেরার মাধ্যমে ক্যাম্পাসে কে প্রবেশ করছে ও কে বের হচ্ছে, তা পর্যবেক্ষণের পরিকল্পনা করা হচ্ছে।
ঢাবির প্রক্টর মো. ইসরাফিল রতন বলেন, গত ৯ সেপ্টেম্বর উপাচার্য এবং বিভিন্ন সংস্থা ও সংগঠনের প্রতিনিধিদের নিয়ে এই বিষয়ে আলোচনা হয়েছে। এআইভিত্তিক ক্যামেরার মাধ্যমে ক্যাম্পাসে প্রবেশকারী ব্যক্তিদের চেহারা স্পষ্টভাবে শনাক্ত করা সম্ভব হবে। তার ভাষ্য, আগে বিভিন্ন ঘটনায় সিসিটিভি ফুটেজে জড়িত ব্যক্তির চেহারা স্পষ্ট না হওয়ায় অপরাধী শনাক্তে জটিলতা তৈরি হতো।
শিক্ষার্থীরা উদ্যোগটিকে ইতিবাচক বললেও দ্রুত বাস্তবায়ন এবং কার্যকারিতা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন।
এই বিষয়ে, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর ড. সাইফুল হক বলেন, সাধারণ সিসিটিভি মূলত ঘটনা রেকর্ড করে, আর এআইভিত্তিক ক্যামেরা সেই তথ্য বিশ্লেষণেও সহায়তা করতে পারে। তবে প্রযুক্তির পাশাপাশি তথ্যের নিরাপত্তা, ফুটেজ সংরক্ষণ ও জবাবদিহির সুস্পষ্ট নীতিমালার প্রয়োজন রয়েছে।
//রুশা //
