যাত্রাবাড়ীতে ব্যাগ থেকে ১০ ককটেল উদ্ধার
রাজধানীর যাত্রাবাড়ীর দক্ষিণ দনিয়া এলাকায় পরিত্যক্ত একটি প্লাস্টিকের ব্যাগ থেকে ১০টি ককটেল উদ্ধার করেছে পুলিশ। পরে বোম্ব ডিসপোজাল ইউনিট সেগুলো নিরাপদে নিষ্ক্রিয় করে।
রবিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে দক্ষিণ দনিয়া কাঁচাবাজার এলাকায় একটি ছয়তলা ভবনের নিচে গলির মাথায় পড়ে থাকা ব্যাগটি তল্লাশি করে ককটেলগুলো পাওয়া যায়।
পুলিশ জানায়, ব্যাগটি পড়ে থাকতে দেখে সন্দেহ হওয়ায় তল্লাশি চালানো হয়। পরে ভেতর থেকে ১০টি ককটেল উদ্ধার করা হয়। খবর পেয়ে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে গিয়ে নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করে। পরে রাত ১০টা ২৫ মিনিটে যাত্রাবাড়ী থানার গোলাপবাগ মাঠে নিরাপত্তা ও নির্ধারিত নিয়ম মেনে ককটেলগুলো নিষ্ক্রিয় করা হয়।
ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী বলেন, এই ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে যাত্রাবাড়ী থানা পুলিশ কাজ করছে।
/শান্ত/
